ডিএসই-বিএসইসির বৈঠক

শেয়ারবাজারে অনিয়ম-কারসাজি রোধে গুরুত্বারোপ

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২১, ২০২৬, ০৫:৪৪ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির (ডিএসই) সার্ভেইল্যান্স টিমের অদ্য রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় পুঁজিবাজারের স্বচ্ছতা ও বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা নিশ্চিতকরণ এবং সকল ধরনের অনিয়ম-কারসাজি রোধের ওপর গুরুত্বারোপ করা হয়।

রোববার (২১ জুন) বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিএসইসি’র চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, সিপিএ, বিএসইসি’র কমিশনার নাহিদ মাহতাব, বিএসইসি’র কমিশনার মো. নাফিজ আল তারিক, সিএফএ, এফআরএম, বিএসইসির নির্বাহী পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দসহ আরও অনেকে উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত বৈঠকে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর পক্ষ থেকে ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া উপস্থিত ছিলেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে পুঁজিবাজারের উন্নয়ন ও আধুনিকায়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। বাজার কারসাজি বন্ধে সাম্প্রতিক সময়ে ডিএসই’র গৃহীত ব্যবস্থা ও পদক্ষেপ সম্পর্কে তুলে ধরা হয়। স্বচ্ছ, জবাবদিহিতামূলক ও কার্যকর পুঁজিবাজার গড়তে বিএসইসি বদ্ধপরিকর মর্মে কমিশনের পক্ষ থেকে জানানো হয়।

সকল ধরনের বাজার কারসাজি রোধে আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল টাইম সার্ভেইল্যান্স এবং প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়।

একইসঙ্গে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় পুঁজিবাজারের সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

এএইচ/পিএস