জুনে বেড়েছে পোশাক রপ্তানি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ২, ২০২৬, ০৭:৩৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: সদ্য সমাপ্ত জুন মাসে দেশের রপ্তানি আয় আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুনয়ী, সদ্য সমাপ্ত জুন মাসে দেশে সব পণ্যের বিপরীতে রপ্তানি আয় হয়েছে ৪ দশমিক ২০ বিলিয়ন (৪২০ কোটি) মার্কিন ডলার। আগের বছরের একই মাসে এই রপ্তানি আয় হয়েছিলো ৩ দশমিক ৩৪ (৩৩৪ কোটি) বিলিয়ন ডলার। এই হিসেবে সদ্য সমাপ্ত জুন মাসে রপ্তানি আয় বেড়েছে ২৫ দশমিক ৯১ শতাংশ।

মূলত তৈরি পোশাক (আরএমজি) থেকে রপ্তানি আয় উল্লেখযোগ্য পরিমাণ বাড়ায় গত জুন মাসের আগের বছরের একই সময়ের তুলনায় সার্বিক রপ্তানিতে এই বড় প্রবৃদ্ধি অর্জন হয়েছে। সদ্য বিদায়ী জুন মাসে পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ৩ দশমিক ৩৯ বিলিয়ন (৩৩৯ কোটি) ডলার। আগের বছরের একই মাসে যা হয়েছিল ২ দশমিক ৭৯ (২৭৯ কোটি) ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে গত জুন মাসে পোশাক থেকে রপ্তানি আয় বেড়েছে ২১ দশমিক ৫২ শতাংশ।

এদিকে, ২০২৫-২৬ অর্থবছরে সব পণ্যের বিপরীতে রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি অর্জন হলেও পুরো অর্থবছরে আগের বছরের চেয়ে রপ্তানি আয় শূন্য দশমিক ৫৮ শতাংশ কমেছে। সদ্য বিদায়ী অর্থবছরে মোট রপ্তানি আয় হয়েছে ৪৮ বিলিয়ন (৪ হাজার ৮০০ কোটি) ডলার। আগের অর্থবছরে যা হয়েছিল ৪৮ দশমিক ২৮ বিলিয়ন (৪ হাজার ৮২৮ কোটি) ডলার।

এএইচ/পিএস