সিটিজেন সিকিউরিটিজের বিরুদ্ধে তদন্তে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৬, ০৩:৪০ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারের সদস্যভুক্ত মার্চেন্ট ব্যাংক সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বিরুদ্ধে ওঠা একাধিক অনিয়মের অভিযোগ তদন্তে ৩ সদস্যের অনুসন্ধান ও তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসি সূত্র জানায়, গ্রাহকের বিও হিসাবে অননুমোদিত শেয়ার লেনদেন, নন-মার্জিন হিসাবকে মার্জিন হিসেবে ব্যবহার, অনুমতি ছাড়াই ঋণসুবিধা প্রদান, অতিরিক্ত লেনদেনের মাধ্যমে কমিশন আয় এবং বৈধ চুক্তি ছাড়াই সুদ আদায়ের মতো গুরুতর অভিযোগের ভিত্তিতে এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশন থেকে জারি করা আদেশে কমিটিকে ৬০ কার্যদিবসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম জানান, বিনিয়োগকারীদের অভিযোগ ও পুঁজিবাজারের স্বার্থ বিবেচনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত কমিটির সদস্যরা হলেন—বিএসইসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আল মাসুম মির্ধা, সহকারী পরিচালক অমিত কুমার সাহা ও আলী-আহসান। তদন্তে পাঁচটি বিও হিসাবের অননুমোদিত লেনদেনসহ বিনিয়োগকারীদের আর্থিক ক্ষতি ও সম্ভাব্য অবৈধ আর্থিক সুবিধার বিষয়গুলো খতিয়ে দেখা হবে।

বাজার সংশ্লিষ্টদের মতে, এ ধরনের তদন্ত পুঁজিবাজারে শৃঙ্খলা ও জবাবদিহিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পিএস