ঢাকা: চলতি জুলাই মাসের প্রথম ১১ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১১৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসেবে) ১৪ হাজার ৭৮ কোটি টাকা।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময় দেশে এসেছিল ১০৩ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে এক বছরের ব্যবধানে প্রবাসী আয়ের প্রবাহে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে।
এর আগে, গত জুন মাসে দেশে আসে ২৮১ কোটি ৭০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে এসেছে ৫১ কোটি ৫১ লাখ ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ৪৪ কোটি ১৬ লাখ ৮০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৮৫ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬৬ লাখ ১০ হাজার ডলার।
এরও আগে মে মাসে দেশে আসে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার, যা দেশের ইতিহাসে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে মার্চ মাসে আসে রেকর্ড ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার। এছাড়া এপ্রিলে ৩১২ কোটি ৭৩ লাখ, ফেব্রুয়ারিতে ৩০২ কোটি ৭ লাখ ৬০ হাজার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ৪০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে আসে।
পিএস