দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত তমিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড শ্রমিক অসন্তোষের কারণে সাময়িকভাবে বন্ধ থাকা কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালু করেছে। গত ১৮ জুলাই থেকে কোম্পানিটির কারখানা আবারও উৎপাদনে ফিরেছে। রোববার (১৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই জানায়, গত ১৫ জুলাই একটি ফেসবুক প্রোফাইলে প্রকাশিত ‘Tamij factory closed until further notice’ শিরোনামের সংবাদের বিষয়ে ১৬ জুলাই কোম্পানির কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এর জবাবে তমিজউদ্দিন টেক্সটাইল জানিয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী শ্রমিক অসন্তোষের কারণে ১৩ জুলাই ২০২৬ থেকে কারখানার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
কোম্পানিটি আরও জানিয়েছে, সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনা ও গঠনমূলক উদ্যোগের পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ১৮ জুলাই ২০২৬ থেকে কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
তবে কারখানার এই সাময়িক উৎপাদন বন্ধ থাকার ফলে কোম্পানির আর্থিক প্রভাব কতটুকু হয়েছে, তা এখনও মূল্যায়ন করা হচ্ছে বলে জানিয়েছে তমিজউদ্দিন টেক্সটাইল।
এসএইচ