ঢাকা: গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), সদর দপ্তর, ঢাকার একটি বিশেষ টিম আমদানিকারক M/S S.B Traders কর্তৃক আমদানিকৃত একটি পণ্যচালানে বড় ধরনের ঘোষণাবহির্ভূত পণ্য আনার অপচেষ্টা উদ্ঘাটন করেছে। অভিযানের ফলে প্রায় ৬০ লাখ টাকার রাজস্ব ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা সম্ভব হয়েছে।
গত ৩০ জুলাইবিল অব এন্ট্রি নং C-765485-এর আওতায় আমদানিকৃত পণ্যচালানটি ডেলিভারির পূর্বমুহূর্তে গোপন সংবাদের ভিত্তিতে খালাস কার্যক্রম স্থগিত করে কায়িক পরীক্ষার উদ্যোগ নেয় সিআইআইডি। পরীক্ষায় দেখা যায়, ঘোষণাপত্রে ২,৬৯৯ পিস পণ্যের ঘোষণা থাকলেও বাস্তবে পাওয়া যায় ৪,৩১৯ পিস, অর্থাৎ ঘোষণার তুলনায় ১,৬২০ পিস (৬০.০২%) অতিরিক্ত পণ্য।
পরীক্ষায় বিভিন্ন পণ্যে ব্যাপক ঘোষণাবৈষম্য ধরা পড়ে। ঘোষিত Lehenga Ordinary ২৯ পিসের স্থলে পাওয়া যায় ৪৮ পিস, Lehenga Gorgeous ১৩ পিসের পরিবর্তে ৫০ পিস, Sharee Premium ১১২ পিসের স্থলে ১২০ পিস, Sharee Super ১১২ পিসের পরিবর্তে ৮০৩ পিস, Sharee Medium ১৭৯ পিসের স্থলে ৯০০ পিস, Girls Wear Set ১২৮ পিসের পরিবর্তে ১৪০ পিস, Sherwani ১৮ পিসের পরিবর্তে ১২০ পিস এবং T-Shirt ৯৪ পিসের পরিবর্তে ১২৪ পিস পাওয়া যায়। এছাড়া ঘোষিত ১৮৭ পিস Gown-এর পরিবর্তে পাওয়া যায় ১০০ পিস Gown এবং অতিরিক্ত ৮৭ পিস Lehenga Ordinary, যা ঘোষণার সঙ্গে স্পষ্ট অসামঞ্জস্য নির্দেশ করে।
এ অভিযানের মাধ্যমে ৩১,৭১,১৬৯ টাকা শুল্ক-কর ফাঁকির অপচেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই পরিমাণ বিমোচন জরিমানা বিবেচনায় মোট আদায়যোগ্য অর্থের পরিমাণ প্রায় ৬০ লাখ টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিস্তারিত প্রতিবেদন কাস্টম হাউস, ঢাকা-এ প্রেরণ করা হয়েছে। সিআইআইডি জানিয়েছে, রাজস্ব সুরক্ষা এবং আমদানি-রপ্তানি কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে ঘোষণাবহির্ভূত পণ্য ও শুল্ক ফাঁকির বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এএইচ/পিএস