ঢাকা: ঋণ বিতরণে ধীরগতি ও খেলাপি ঋণ বেড়ে যাওয়ায় দেশের ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য রেকর্ড উচ্চতায় উঠেছে। গত জুন শেষে ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য দাঁড়িয়েছে ৪ লাখ ৮ হাজার কোটি টাকা। মে শেষে যা ছিল ৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা। অর্থাৎ, এক মাসে বেড়েছে ৭১ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের জুনে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৮৩ হাজার ৬৪০ কোটি টাকা। এদিকে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে দাঁড়িয়েছে মাত্র ৪ দশমিক ৪৭ শতাংশে।
[274443]
ব্যাংকাররা বলছেন, গ্যাস-বিদ্যুৎ সংকট, অবকাঠামোগত সীমাবদ্ধতা ও অনিশ্চিত ব্যবসায়িক পরিবেশে উদ্যোক্তাদের বিনিয়োগ চাহিদা কমেছে। খেলাপি ঋণ বাড়ায় ব্যাংকগুলোও নতুন ঋণ বিতরণে সতর্ক রয়েছে। ফলে অতিরিক্ত অর্থের বড় অংশ ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করছে ব্যাংকগুলো।
কেন্দ্রীয় ব্যাংক ঋণের চাহিদা বাড়াতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা এবং নীতি সুদহার কমালেও এখন পর্যন্ত প্রত্যাশিত সাড়া মেলেনি। বিনিয়োগের চাহিদা না বাড়লে শিল্প উৎপাদনেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন ব্যাংকাররা।
এসআই