ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা বড় সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির আমানতকারীরা আগামী ১ সেপ্টেম্বর থেকে নিজ নিজ হিসাব থেকে প্রয়োজন অনুযায়ী আমানতের মূল অর্থ তুলতে পারবেন।
মঙ্গলবার (২৫ আগষ্ট) সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহাম্মদ, মো. সরোয়ার হোসেন ও মো. আনিছুর রহমানসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ২৯ ডিসেম্বর ২০২৫ সালে ঘোষিত স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরতের কার্যক্রম চলমান রয়েছে। তবে, গ্রাহকদের জরুরি প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীদের জন্য হিসাব থেকে অর্থ উত্তোলনের এই সুবিধা দেওয়া হচ্ছে।
নতুন ব্যবস্থায় আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থ প্রয়োজন অনুযায়ী উত্তোলন করা যাবে। এ ক্ষেত্রে বর্তমানে চালু থাকা স্কিমের নির্ধারিত বিধিনিষেধ প্রযোজ্য হবে না।
এই সুবিধা চালুর আগে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করতে ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের মুনাফা নিয়েও স্পষ্ট অবস্থান জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমানতের মুনাফা থেকে কোনো অর্থ কেটে নেওয়া হবে না বলে জানানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ব্যাংক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, প্রত্যেক আমানতকারীকে যেন স্পষ্টভাবে জানানো হয় যে তাদের মুনাফা থেকে কোনো অর্থ কর্তন করা হবে না।
পিএস