আগস্টের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৬, ০৬:০২ পিএম
ফাইল ছবি

ঢাকা: চলতি আগস্ট মাসের প্রথম ২৯ দিনে দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে আগস্টে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২৭ থেকে ২৯ আগস্ট—এই তিন দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১ কোটি ৪০ লাখ ডলার।

চলতি ২০২৬-২৭ অর্থবছরের জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৫২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ৪৬৬ কোটি ডলার। অর্থাৎ এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের শুরু থেকেই প্রবাসী আয়ে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আগস্টের ২৯ দিনেই গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ কোটি ৭০ লাখ ডলার বেশি রেমিট্যান্স এসেছে।

বিশ্লেষকেরা মনে করছেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বৃদ্ধি এবং প্রবাসীদের পাঠানো অর্থের প্রবাহ বাড়ায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়ছে।

এএইচ/পিএস