ডাইরেক্ট লিস্টিং খসড়া বিধিমালায় মতামত চেয়েছে বিএসইসি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৬, ০২:০৭ পিএম
ফাইল ছবি

ঢাকা: শেয়ারবাজারে বড় ও মানসম্পন্ন কোম্পানির সরাসরি তালিকাভুক্তির সুযোগ দিতে ‘ডাইরেক্ট লিস্টিং রুলস, ২০২৬’-এর খসড়া প্রণয়ন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। খসড়াটির ওপর সাধারণ বিনিয়োগকারী, বাজার মধ্যস্থতাকারী ও সংশ্লিষ্ট অংশীজনদের কাছ থেকে আগামী দুই সপ্তাহের মধ্যে লিখিত মতামত চেয়েছে কমিশন।

প্রস্তাবিত বিধিমালায় আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ার বিক্রির মাধ্যমে তালিকাভুক্তির সুযোগ রাখা হয়েছে। সাধারণ ও বেসরকারি কোম্পানিকে ন্যূনতম ২০ শতাংশ এবং সরকারি বা বিদেশি মালিকানাধীন কোম্পানিকে ১০ শতাংশ শেয়ার অফলোড করতে হবে।

ডাইরেক্ট লিস্টিংয়ের জন্য কোম্পানিকে পাবলিক লিমিটেড ও অন্তত তিন বছর ব্যবসায় থাকা, সর্বশেষ দুই অর্থবছরে মুনাফা করা এবং ইতিবাচক নগদ প্রবাহ বজায় রাখার শর্ত দেওয়া হয়েছে। ঋণখেলাপি ও বিনিয়োগ-গ্রেডের নিচে ক্রেডিট রেটিং পাওয়া প্রতিষ্ঠান এ সুবিধা পাবে না।

শেয়ারের রেফারেন্স মূল্যের অন্তত ২০ শতাংশ কমে ফ্লোর প্রাইস নির্ধারণের প্রস্তাব রয়েছে। তালিকাভুক্তির পর প্রথম ৩০ মিনিট থাকবে প্রাইস ডিসকভারি পিরিয়ড। খসড়া চূড়ান্ত হলে আইপিওর বাইরে যোগ্য বড় কোম্পানির সরাসরি তালিকাভুক্তির নতুন সুযোগ তৈরি হবে।

এএইচ/পিএস