দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৬, ১১:২৭ এএম
ফাইল ছবি

দেশের বাজারে বড় ব্যবধানে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে নতুন দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।

শুক্রবার সকালে বাজুসের প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩১ হাজার ৮৮০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৪১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৫ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৯ সেপ্টেম্বর বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল। সেদিন ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ধরা হয়েছিল ২ লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ২৩ হাজার ৫৪১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯১ হাজার ৯৩১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৬ হাজার ৮২২ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, গয়নার ডিজাইন অনুযায়ী নির্ধারিত মজুরি প্রযোজ্য হবে। বিক্রয়মূল্যের সঙ্গেই ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা যাবে না।

অলংকার বদলের (এক্সচেঞ্জ) ক্ষেত্রে মজুরি ও পাথর বাদ দিয়ে ১২ শতাংশ এবং বিক্রির (পারচেজ) ক্ষেত্রে ১৮ শতাংশ কাটার নিয়ম রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের জুয়েলারি প্রতিষ্ঠানে নতুন এই দর কার্যকর থাকবে।

এসএইচ