ঢাকা: দেশে বাংলা কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল লেনদেন দ্রুত বাড়ছে। গত ৯০ দিনে এ পদ্ধতিতে লেনদেনের আর্থিক পরিমাণ প্রায় পাঁচ গুণ এবং লেনদেনের সংখ্যা বেড়েছে সাড়ে তিন গুণ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে বাংলা কিউআরে দৈনিক গড়ে ১ লাখ লেনদেনের বিপরীতে অর্থের পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে দৈনিক লেনদেন বেড়ে সাড়ে ৩ লাখে এবং অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
ডিজিটাল লেনদেন আরও বাড়াতে ১ অক্টোবর থেকে বাংলা কিউআরে মার্চেন্টদের অর্থ তাৎক্ষণিক জমা, ন্যূনতম ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) বাতিল এবং ইন্টারচেঞ্জ ফি শূন্য করার সিদ্ধান্ত কার্যকর হচ্ছে।
মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত জুনে বাংলা কিউআরের মাধ্যমে প্রতিদিন গড়ে এক লাখ লেনদেন হতো। এর আর্থিক পরিমাণ ছিল প্রায় ২৮ কোটি টাকা। বর্তমানে দৈনিক গড় লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় সাড়ে তিন লাখে। আর প্রতিদিন লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা।
বর্তমানে দেশের ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) গ্রাহকরা অ্যাপের মাধ্যমে প্রায় ৩৯ লাখ মার্চেন্ট প্রতিষ্ঠানে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারছেন।
দেশে ক্যাশলেস লেনদেন বাড়ানো এবং ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ করতে গত ১ জুলাই থেকে সব ধরনের নিজস্ব কিউআরের পরিবর্তে সর্বজনীন বাংলা কিউআর ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে মার্চেন্টদের উৎসাহ দিতে প্রণোদনা দেওয়া হবে। ১ নভেম্বর থেকে ব্যক্তি-থেকে-ব্যক্তি (P2P) লেনদেনও বাংলা কিউআরের মাধ্যমে চালুর পরিকল্পনা রয়েছে।
এএইচ/পিএস