বিশেষ তহবিলের সীমা ৩০০ কোটি টাকা করার দাবি ডিবিএ’র

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০২:৪৬ পিএম
ফাইল ছবি

পুঁজিবাজারে চলমান তারল্য সংকট মোকাবিলা এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করার দাবি জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।

একই সঙ্গে বিশেষ তহবিল সুবিধার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (৭ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দাবির বিষয়ে ডিবিএর পক্ষ থেকে ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের কাছে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলাম স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। চিঠির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের কাছেও পাঠানো হয়েছে।

ডিবিএ বলেছে, পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ তহবিল গঠন করতে পারে। তবে এ সুবিধার বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা রয়েছে।

ডিবিএ মনে করে, দেশের পুঁজিবাজারে বিদ্যমান তারল্য সংকট এবং মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনাজনিত বৈশ্বিক অনিশ্চয়তার প্রেক্ষাপটে বিশেষ তহবিল সুবিধা প্রত্যাহার না করে আরও শক্তিশালী করা প্রয়োজন।

এ লক্ষ্যে সংগঠনটি দুটি প্রস্তাব দিয়েছে। প্রথমত, প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করা। দ্বিতীয়ত, সুবিধাটির মেয়াদ ১ ডিসেম্বর ২০২৬ থেকে আরও এক বছর বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত করা।

ডিবিএর মতে, তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানো হলে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ, তারল্য ও গতিশীলতা বাড়ার পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে। একই সঙ্গে পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনটি আশা করছে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিলের সীমা ৩০০ কোটি টাকা এবং এর মেয়াদ ৩০ নভেম্বর ২০২৭ পর্যন্ত বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

এসএইচ