পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৬, ০৭:১৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকা: আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। দীর্ঘদিনের আর্থিক দুর্বলতা, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি ও সুশাসনের অভাবে সংকটে থাকা ব্যাংকটির পুনরুদ্ধারে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যাংকিং খাতের সার্বিক স্থিতিশীলতা ও সুশাসন বজায় রাখা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চলমান আর্থিক খাত সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর প্রদত্ত ক্ষমতাবলে পদ্মা ব্যাংক পিএলসিকে রেজল্যুশনের আওতায় আনা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা যায়, গত এক দশকেরও বেশি সময় ধরে খেলাপি ঋণ, মূলধন ঘাটতি, তারল্য ঘাটতি এবং সুশাসনের ঘাটতির কারণে পদ্মা ব্যাংক পিএলসি গভীর সংকটের মুখে পড়ে। বাংলাদেশ ব্যাংকের নিবিড় তত্ত্বাবধান, তারল্য ও অন্যান্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা দেওয়ার পরও ব্যাংকটির আর্থিক সূচকগুলো কাঙ্ক্ষিত ও টেকসই পুনরুদ্ধারের পথে এগোয়নি।

এ পরিস্থিতিতে ব্যাংকটির সামগ্রিক আর্থিক সক্ষমতা ও কার্যকর হওয়ার সম্ভাবনা যথাযথভাবে পর্যালোচনা করে আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের আর্থিক ব্যবস্থার শৃঙ্খলা সুদৃঢ় করার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বিধান অনুযায়ী পদ্মা ব্যাংক পিএলসির জন্য একটি কার্যকর ও উপযুক্ত রেজল্যুশন কৌশল বা ব্যবস্থা (Resolution Measure) গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

তবে এ প্রক্রিয়ায় ব্যাংকটিতে আপাতত বাংলাদেশ ব্যাংক থেকে কোনো প্রশাসক নিয়োগ করা হচ্ছে না। ব্যাংকটির স্বাভাবিক দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকসেবা যথারীতি অব্যাহত থাকবে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা বজায় রাখা, সুশাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে তারা বদ্ধপরিকর। পদ্মা ব্যাংক পিএলসির সংকট উত্তরণের পাশাপাশি এ উদ্যোগ দেশের সামগ্রিক আর্থিক খাতকে আরও শক্তিশালী, গতিশীল ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ/পিএস