স্কয়ার টেক্সটাইলের ব্যবসা সম্প্রসারণে ৬০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৬, ০২:৩৮ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৩২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে ভবিষ্যৎ সম্প্রসারণ, যন্ত্রপাতি ও জমি কেনার জন্য ৬০ কোটি টাকা বিনিয়োগের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

সোমবার (২৬ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৫০ পয়সা। গত ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৫৭ টাকা ১৬ পয়সা।

এর আগের ২০২৪-২৫ অর্থবছরেও কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৩২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ওই অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয়েছিল ৭ টাকা ২৪ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ২ টাকা ৭৪ পয়সা।

এদিকে, ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণের জন্য কারখানার সংস্কার, ভারসাম্য রক্ষা, প্রতিস্থাপন ও আধুনিকায়ন (বিএমআরই), মূলধনি যন্ত্রপাতি এবং জমি কেনার জন্য ৬০ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয় শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ সভায় অংশগ্রহণের যোগ্য শেয়ারহোল্ডার নির্ধারণে আগামী ১৬ নভেম্বর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।

এএইচ/পিএস