শাহজালাল ইসলামী ব্যাংকের উদ্যোগে মানি লন্ডারিং প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২, ২০২৬, ০২:৪৫ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: শাহ্জালাল ইসলামী ব্যাংকের রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের ১২টি শাখার সমন্বয়ে মানি লন্ডারিং প্রতিরোধ এবং সন্ত্রাসবাদে অর্থায়ন দমন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) ব্যাংকের রাজশাহী শাখা প্রাঙ্গণে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

শাহ্জালাল ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ইভিপি, ডেপুটি ক্যামেলকো অ্যান্টি মানি লন্ডারিং বিভাগের প্রধান মো. আব্দুল কুদ্দুস অ্যান্টি মানি লন্ডারিং বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া একই বিভাগের এভিপি মো. আশরাফুল ইসলাম ট্রেড বেইজড মানি লন্ডারিং ও ক্রেডিট বেইজড মানি লন্ডারিংয়ের উপর আলোচনা করেন। উক্ত কর্মশালায় ব্যাংকের রাজশাহী অঞ্চলের ১২টি শাখা থেকে শাখা ব্যবস্থাপক, উপশাখা ব্যবস্থাপক, বিনিয়োগ ইনচার্জ এবং জেনারেল ব্যাংকিং (জিবি) ইনচার্জসহ মোট ৪৮ জন অংশগ্রহণ করেন। 

কর্মশালায় অন্যান্যদের মধ্যে, ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-২ এর ইভিপি মো. হুমায়ুন কবীর মিয়া, রাইট অব ইনভেস্টমেন্ট রিকভারি ইউনিট এর ভিপি মো. সাজ্জাদ হোসাইন এবং স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগ, রিকভারি-১ এর এসএভিপি মো. মমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

পরবর্তীতে ডিজিটাল লেনদেনকে আরও সহজ, নিরাপদ ও আধুনিক করতে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ রাজশাহী, রংপুর ও সৈয়দপুর অঞ্চলের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর কোড বিতরণ করেন। “এক দেশ এক কিউআর, লেনদেন বাংলা কিউআর” প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ কার্যক্রম পরিচালনা করা হয়।  

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাফর ছাদেক, এফসিএ বলেন, বর্তমান বিশ্বে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন শুধু একটি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার জন্যই হুমকি নয় বরং এটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার জন্যও একটি বড় চ্যালেঞ্জ। অবৈধভাবে অর্জিত অর্থকে বৈধ অর্থ হিসেবে উপস্থাপনের মাধ্যমে অপরাধীরা অর্থনৈতিক ব্যবস্থার অপব্যবহার করে থাকে। এর ফলে দেশের অর্থনৈতিক শৃঙ্খলা, বিনিয়োগ পরিবেশ, সুশাসন এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ক্ষতিগ্রস্ত হয়। একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হলো ব্যাংকিং খাত। তাই মানি লন্ডারিং প্রতিরোধে ব্যাংকগুলোর দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংকিং চ্যানেল যেন কোনোভাবেই অবৈধ অর্থের লেনদেন কিংবা সন্ত্রাসে অর্থায়নের মাধ্যম হিসেবে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করা আমাদের নৈতিক, পেশাগত ও আইনগত দায়িত্ব।

তিনি আরও উল্লেখ করেন সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে, ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে ডিজিটাল হুন্ডি, অনলাইন গেমিং/বেটিং, অনলাইন জুয়া, অবৈধ ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিং করা হচ্ছে। এর ফলে দেশ হতে অর্থ পাচার হয়ে যাচ্ছে। ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে অপরাধীরা যেন এ ধরনের কার্যক্রম সম্পাদন না করতে পারে এ বিষয়ে আপনাদেরকে আরও সতর্ক হতে হবে। দেশের নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের স্বার্থে আমাদেরকে এ ব্যাপারে সঠিক পদক্ষেপ নিতে হবে। দেশকে মানিলন্ডারিং ও সন্ত্রাসমুক্ত করতে প্রাতিষ্ঠানিক উদ্যোগকে আরো শক্তিশালী করতে হবে, তাহলেই দেশ টেকসই উন্নয়নের দিকে ধাবিত হবে।

পিএস