সরকারি তথ্যে মূল্যস্ফীতি কমার স্বস্তির খবর থাকলেও বাস্তবে সাধারণ মানুষের স্বস্তি নেই। চাল ও ডালের দাম কিছুটা কমলেও বাসা ভাড়া, বিদ্যুৎ, গ্যাস ও যাতায়াতের খরচ বেড়ে গেছে বহুগুণ। লাগামহীন ব্যয়ের চাপের কাছে নতি স্বীকার করছে খেটে খাওয়া মানুষের আয়। বাজারে পণ্যের দাম যেভাবে ছুটছে, শ্রমিকের মজুরি সেভাবে বাড়ছে না।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসেবে অক্টোবরে দেশের গড় মূল্যস্ফীতি কমে দাঁড়িয়েছে ৮.২৭ শতাংশে। তবে একই সময়ে মানুষের মজুরি বৃদ্ধির হার কমে দাঁড়িয়েছে ৭.৬৩ শতাংশে। অর্থাৎ আয়ের চেয়ে ব্যয়ের গতি এখনও অনেক বেশি। এর ফলে দিনশেষে শ্রমজীবী মানুষের পকেটে টান পড়ছে এবং ক্রয়ক্ষমতা ক্রমেই সংকুচিত হচ্ছে।
পরিসংখ্যান বলছে, খাদ্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি মিললেও খাদ্যবহির্ভূত খাতে দৈনন্দিন খরচ অনিয়ন্ত্রিত হয়ে পড়েছে। অক্টোবরে খাদ্যবহির্ভূত খাতের মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.৮৯ শতাংশে। এর মধ্যে বাসা ভাড়া, পানি, বিদ্যুৎ ও গ্যাসের খরচ বেড়েছে সবচেয়ে বেশি। অন্যদিকে যাতায়াত ও পোশাক খাতের বাড়তি ব্যয় নিম্ন আয়ের পরিবারগুলোকে আরও দিশেহারা করে তুলেছে।
শহরের তুলনায় গ্রাম এলাকার মানুষের ওপর এই খরচের চাপ আরও বেশি স্পষ্ট। চাল-সবজির দামে সাময়িক সামাল দেওয়া গেলেও বাসা ভাড়া ও পরিবহন খরচের ধাক্কায় গ্রামের মানুষের পুষ্টিকর খাবার ও চিকিৎসার বাজেট ছাঁটাই করতে হচ্ছে। আবার কৃষি, শিল্প ও সেবা-কোনো খাতেই মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতিকে ছুঁতে পারছে না।
অর্থনীতিবিদরা বলছেন, মানুষের প্রকৃত আয় না বাড়লে মূল্যস্ফীতি সামান্য কমার কোনো সুফল পাওয়া যাবে না। সংসার চালাতে সাধারণ মানুষ সঞ্চয় ভাঙছে কিংবা ঋণের জালে জড়াচ্ছে। বাজার তদারকি জোরদার করা, পরিবহন ও জ্বালানি ব্যয় নিয়ন্ত্রণে রাখা এবং নিম্ন আয়ের মানুষের জন্য সরকারি সহায়তা বাড়ানো না হলে সাধারণ মানুষের এই দৈনন্দিন চাপ কমানো অসম্ভব হয়ে পড়বে।
এসএইচ