ঢাকা: আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য ও সেবার মূল্য নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত এবং আমদানি-রপ্তানিতে অতিরিক্ত মূল্য দেখিয়ে অনিয়মের ঝুঁকি কমাতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংককে বিশেষায়িত মূল্য পর্যবেক্ষণ ইউনিট গঠনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
একই সঙ্গে আন্তর্জাতিকভাবে স্বীকৃত অন্তত একটি মূল্য যাচাই প্ল্যাটফর্মে সাবস্ক্রিপশন নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে আমদানি, রপ্তানি, সেবা এবং অন্যান্য আন্তসীমান্ত লেনদেনে পণ্য ও সেবার ঘোষিত মূল্য আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা যাচাই করতে পারবে ব্যাংকগুলো।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ-২ (এফইপিডি-২) এ সংক্রান্ত একটি সার্কুলার লেটার জারি করে।
সার্কুলারে বলা হয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যসংক্রান্ত লেনদেনে মূল্য যাচাই ও পর্যবেক্ষণের জন্য ব্যাংকগুলোকে কেন্দ্রীয়ভাবে একটি বিশেষ ইউনিট প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি নিজস্ব কার্যক্রমের ধরন ও সামর্থ্য বিবেচনায় সাশ্রয়ী এবং উপযুক্ত আন্তর্জাতিক মূল্য যাচাই প্ল্যাটফর্ম নির্বাচন করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের এ নির্দেশনার লক্ষ্য হলো আন্তর্জাতিক বাণিজ্যে পণ্য ও সেবার মূল্য নির্ধারণে যৌক্তিকতা নিশ্চিত করা এবং ব্যাংকগুলোর তদারকি সক্ষমতা বাড়ানো।
এর আগে গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এফইপিডি-১ সার্কুলার নং ৩০-এর মাধ্যমে ঋণপত্র (এলসি) খোলা বা আমদানি কার্যক্রম শুরুর আগে আমদানিযোগ্য পণ্যের আন্তর্জাতিক বাজারমূল্য যাচাইয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল।
নতুন নির্দেশনায় ওই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে ব্যাংকগুলোর জন্য পৃথক মূল্য পর্যবেক্ষণ ইউনিট এবং আন্তর্জাতিক মূল্য যাচাই প্ল্যাটফর্ম ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সার্কুলার অনুযায়ী, এ সংক্রান্ত প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা সম্পন্ন করে আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে নির্দেশনাগুলো কার্যকর করতে হবে।
ব্যাংকিং খাতসংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারদরের সঙ্গে সামঞ্জস্যহীন মূল্য দেখিয়ে আমদানি-রপ্তানি লেনদেনে অর্থ পাচার, অতিরিক্ত অর্থ পরিশোধ কিংবা অন্যান্য অনিয়মের ঝুঁকি তৈরি হতে পারে। এ ধরনের ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর নিজস্ব মূল্য যাচাই সক্ষমতা বাড়ানো গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগ বাস্তবায়িত হলে আন্তর্জাতিক বাণিজ্যে মূল্য যাচাই প্রক্রিয়া আরও প্রাতিষ্ঠানিক হবে এবং বৈদেশিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
এএইচ/পিএস