ঢাকা কলেজে ছাত্র ইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী

  • ঢাকা কলেজ প্রতিনিধি  | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০২৬, ০২:৫৮ পিএম
ছবি : প্রতিনিধি

ঢাকা: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা কলেজে লড়াই-সংগ্রামের ওপর ভিত্তি করে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে) বেলা ১১টায় কলেজের জুলাই চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করে ঢাকা কলেজ শাখা ছাত্র ইউনিয়ন। প্রদর্শনীতে সংগঠনটির দীর্ঘ রাজনৈতিক ও আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরা হয়।

আয়োজকরা জানান, ১৯৫২ সালে পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়ন (ইপিএসইউ) প্রতিষ্ঠার পর থেকেই সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, পুঁজিবাদ ও সামন্তবাদের বিরুদ্ধে জাতীয় অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ছাত্র ইউনিয়ন।

ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে সংগঠনটির ভূমিকা তুলে ধরে প্রদর্শনীতে দেখানো হয়-ভাষা আন্দোলন-পরবর্তী ছাত্র সংসদ নির্বাচন, যুক্তফ্রন্টের ২১ দফা আন্দোলন, শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে তাদের সক্রিয় অংশগ্রহণ।

এছাড়া সাম্প্রতিক সময়ের জুলাই গণঅভ্যুত্থানেও ছাত্র ইউনিয়নের ভূমিকা বিশেষভাবে তুলে ধরা হয়।

আয়োজকরা বলেন, দমন-পীড়ন ও কারফিউ উপেক্ষা করে রাজপথে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সংগঠনটি আন্দোলনের ধারাকে আরও শক্তিশালী করে।

অনুষ্ঠানে ঢাকা কলেজ ছাত্র ইউনিয়নের সংগঠক ইকরামুল হক জিহাদ বলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ১৯৫২ সালের ২৬ এপ্রিল ভাষা আন্দোলনের সময় আত্মপ্রকাশ করে। সেই ধারাবাহিকতায় গত ২৬ এপ্রিল সংগঠনটি তার ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে।

তিনি আরও বলেন, দীর্ঘ ৭৪ বছরের ইতিহাসে ছাত্র ইউনিয়ন শিক্ষা কমিশনবিরোধী আন্দোলন, ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রগতিশীল আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ছাত্র ইউনিয়ন সাহসী ভূমিকা পালন করে এসেছে।

তিনি জানান, সারাদেশে সংগঠনের লড়াই-সংগ্রামের সামগ্রিক চিত্র তুলে ধরতেই এ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

উল্লেখ্য যে, বাংলাদেশ ছাত্রইউনিয়নের আলোকচিত্র প্রদর্শনী  দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দুই দিন চলমান থাকবে বলে জানায় আয়োজকরা।

পিএস