ঢাকা: শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকরা যাতে অংশগ্রহণ না করতে পারেস সেজন্য আইন করতে হবে। আর যদি কেউ নির্বাচন করতে চান, তবে শিক্ষকতার চাকরি ছেড়ে দিতে হবে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর একটি হোটেলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার আয়োজিত শিক্ষা খাতের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা খাতে যে বিনিয়োগ করা হচ্ছে, তা যেন সঠিকভাবে কাজে লাগে, তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে শিক্ষকদের প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নে নেওয়া উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্ব দিতে হবে।
মন্ত্রী বলেন, শিক্ষকদের উন্নয়নের জন্য যে বিনিয়োগ করা হচ্ছে, তা যথাযথভাবে বাস্তবায়ন হলে ভবিষ্যতে একটি দক্ষ ও সুন্দর জাতি গড়ে তোলা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশের উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই যেকোনো মূল্যে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষা খাতকে আরও শক্তিশালী করতে হবে।
পিএস