ঢাকা: সরকার একযোগে ৭৫ হাজার এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীদের পাওনা পরিশোধের ব্যবস্থা নিয়েছে। এ লক্ষে আগামী ১৫ আগস্ট দেশের ৬৪ জেলায় এই শিক্ষক-কর্মচারীর ব্যাংক হিসাবে এই অর্থ পাঠানো হবে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হবে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এবার প্রথমবারের মতো আইবাস প্লাস প্লাস (iBAS++) ব্যবস্থার মাধ্যমে সরাসরি উপকারভোগীদের নিজ নিজ ব্যাংক হিসাবে অর্থ পাঠানো হবে। এজন্য সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীদের জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করা হয়েছে, যাতে দালাল বা মধ্যস্বত্বভোগীদের কোনো ধরনের সুযোগ না থাকে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক জানিয়েছেন, ২০২২ সালের পর থেকে অবসর নেওয়া এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের কেউই অবসর সুবিধার অর্থ পাননি। দীর্ঘদিন ধরে অর্থের অপেক্ষায় থাকা এসব মানুষ নানা ধরনের আর্থিক সংকটে পড়েছেন। অনেকেই চিকিৎসা, পারিবারিক ব্যয় ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে চরম দুর্ভোগে রয়েছেন। এই পরিস্থিতি বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রী বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রত্যেক শিক্ষক-কর্মচারী গড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা পর্যন্ত পেতে পারেন। তবে চূড়ান্ত হিসাব এখনও প্রস্তুত করা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, বিপুল সংখ্যক আবেদন যাচাই-বাছাইয়ের কাজ শেষ পর্যায়ে রয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই অর্থ বিতরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
পিএস