অপ্রতিমের হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

  • কুবি প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১২:৪৮ পিএম
ছবি : সংগৃহীত

কুমিল্লা: অপ্রতিম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন তারা।

এ সময় তারা শ্লোগানে বলেন: 'জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো; এ্যাকশান টু এ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন, ওই ওয়ান্ট জাস্টিস,অপ্রতিমের রক্ত বৃথা যেতে দেবো না, বাশের লাঠি তৈরি করো, সন্ত্রাসীদের দমন করো, আমার ভাই মরলো কেন, তারেক রহমান জবাব দে, আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব দে'।

[275849]   

অবরোধের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেনে যান চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে মহাসড়কে যানজট সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লার কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের সন্ধানে খোঁজ চালান। প্রায় ২১ ঘণ্টা পর শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহ কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হলে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। পুলিশের পক্ষ থেকে তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন থাকার কথা জানানো হয়েছে।  

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সাদিকুর রহমান বলেন, 'আমরা আজ কেবল অপ্রতিমের জন্যে এখানে আসিনি। এ চিত্র সারা বাংলাদেশের। কুমিল্লায়ও প্রতিনিয়তই এসব হচ্ছে। তারপরও নাকি পুলিশ সুপার এ্যাওয়ার্ড পেয়ে যায়। আমরা অপ্রতিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।' 

এছাড়াও এ বিষয়ে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূইয়া বলেন,' এটা সম্পূর্ণই পুলিশ প্রশাসনের ব্যর্থতা। পুলিশ বলে 'ক্লু পেয়েছি, ক্লু পেয়েছি' কিন্তু কি ক্লু তারা পেয়েছে সেটা আমরা আদৌ জানি না। এই ব্যার্থতার দায় তারা যতক্ষণ না পর্যন্ত মাথায় নিবে আমরা ততক্ষণ রাস্তায় আছি।'

মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু ক্লু পাওয়া গেছে এবং তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

এসআই