সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা, স্কুল-কলেজে চিঠি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৬, ০৮:৩২ পিএম
ফাইল ছবি

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক শৃঙ্খলা নিশ্চিত করতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে বিশেষ নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শ্রেণিকক্ষ, অফিসকক্ষ, বারান্দা, ছাদ, শৌচাগার ও আঙিনা নিয়মিত পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে না থাকে, তা দ্রুত অপসারণ করতে বলা হয়েছে।

সম্প্রতি জারি করা এক চিঠিতে এই ব্যবস্থা অবিলম্বে গ্রহণের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের প্রতি অনুরোধ জানানো হয়েছে। নির্দেশনায় বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সব সরকারি ও বেসরকারি কলেজ, মাধ্যমিক বিদ্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

মাউশির নির্দেশনায় বলা হয়, ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকা পরিদর্শনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি রাজউক উত্তরা মডেল কলেজ, মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং মিরপুর বাংলা কলেজসহ নানা স্থাপনা আকস্মিকভাবে পরিদর্শন করেন। সেই অভিজ্ঞতার আলোকে ঢাকা মহানগরীসহ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে এই কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানে কোথাও পানি জমে আছে কি না, তা প্রতিনিয়ত পরীক্ষা করে দ্রুত নিষ্কাশন করতে হবে। মশার প্রজননস্থল ধ্বংস করে ডেঙ্গু ভাইরাসের বিস্তার ঠেকাতে কার্যকর পদক্ষেপর বিকল্প নেই।

একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের সমন্বয়ে সচেতনতামূলক সভা ও কার্যক্রম জোরদার করার তাগিদ দেওয়া হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরির পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক প্রস্তুতিও নিশ্চিত করতে বলা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক স্বাক্ষরিত এই চিঠি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা, উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের কাছে আনুষ্ঠানিকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এসএইচ