ঢাকা: এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের দিন আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশজুড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। দেশের সব জেলা, উপজেলা, থানা ও জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে সই করেন জোটের যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার। শিক্ষক নেতা অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনের প্রতিবাদে এ কর্মসূচির ঘোষণা দিয়েছে সংগঠনটি।
[277764]
বিজ্ঞপ্তিতে বলা হয়, জোটের সদস্যসচিব ও বাংলাদেশ মাদরাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীকে হয়রানি বন্ধ, তাঁর বিরুদ্ধে তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহার এবং শিক্ষকদের ন্যায্য দাবির পক্ষে প্রতিবাদী কণ্ঠ স্তব্ধ করার অপচেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হবে।
এতে আরও বলা হয়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করতে হবে। জোটের সর্বসম্মত সিদ্ধান্তে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এদিকে, শনিবার বেলা ১১টায় সারাদেশে একযোগে এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, ফল প্রকাশের দিন শিক্ষকদের কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিত থাকার কথা। এমন দিনে দেশজুড়ে মানববন্ধনের কর্মসূচি ঘোষণায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে জোটের যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী আবুল বাশার বলেন, ‘ফল প্রকাশ ১১টায়। আর কর্মসূচি করতে বলা হয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে যেকোনো সময়। এ কারণে ফল প্রকাশ নিয়ে কোনো সমস্যা হবে না বলে আমরা মনে করি।’
এসআই