কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনুসারী মুদ্রণ ব্যবসায়ীরাই ঘুরেফিরে বিনামূল্যের পাঠ্যবই ছাপার কাজ পাচ্ছেন। বিএনপি সরকার ক্ষমতায় আসার পরও তাঁরা কীভাবে কাজ পাচ্ছেন, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দরপত্রে সমঝোতার মাধ্যমে প্রায় ২৫০ কোটি টাকা লুটপাট ও বইয়ের মানে আপস করার অভিযোগও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন কমিটির সদস্যরা। ১৭ বছর ধরে সক্রিয় এই সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ না হওয়ার কারণও জোরালোভাবে তদন্তের তাগিদ দিয়েছেন তাঁরা।
শিক্ষা মন্ত্রণালয় এই সিন্ডিকেটভুক্ত প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়ার কথা স্বীকার করেছে। মন্ত্রণালয়ের যুক্তি, এই সিন্ডিকেটের বাইরের ছাপাখানাগুলোর মানসম্মত বই ছাপানোর সক্ষমতা নেই। নির্ধারিত সময়ে বই ছাপা ও সরবরাহ নিশ্চিত করতেই তাঁদের বিভিন্ন ছাড় দেওয়া হয়েছে। পাশাপাশি অজুহাত এড়াতে প্রয়োজনীয় শর্তও জুড়ে দেওয়া হয়েছে। বইয়ের মান নিশ্চিত করতে ছাপার কাজ সার্বক্ষণিক নজরদারিতে রাখা হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এনসিটিবি সূত্র জানায়, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত ২৯ কোটি ৩৯ লাখ ৯০ হাজার ১৮১ কপি বই ছাপা হচ্ছে। নতুন চারটি বিষয়ের ১ কোটি ৫৬ লাখ ১১ হাজার ৯০৫ কপিসহ মোট ৩০ কোটি ৯৬ লাখ ২ হাজার ৮৬টি পুস্তকের মুদ্রণ চলমান। এ ছাড়া পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির সাধারণ, দাখিল ও কারিগরি স্তরের জন্য ‘নিরাপদ পথে’ নামে নতুন সম্পূরক পঠন সামগ্রী প্রণয়নের কাজ চলছে। বই ছাপার কাজ এখন প্রায় শেষের দিকে।
এনসিটিবির বৃহস্পতিবারের তথ্য অনুযায়ী, প্রাক-প্রাথমিকের ৫৭ লাখ ৩০ হাজার ৬৪০ কপি বইয়ের শতভাগই মাঠে পাঠানোর অনুমতি পেয়েছে। প্রাথমিকের ৭ কোটি ৬০ লাখ ৯৭ হাজার ৯৬ কপির মধ্যে ৯৭.২৮ শতাংশ বই ছাড়পত্র পেয়েছে। ইবতেদায়ির ৪ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৫৭৪ কপির মধ্যে ৯৫.৩২ শতাংশ বই অনুমোদন পেয়েছে। আর মাধ্যমিকের ১৭ কোটি ৯৫ লাখ ৪৩ হাজার ১৮ কপির মধ্যে ৮৬.০৯ শতাংশ বই প্রাক্-সরবরাহ পরিদর্শন শেষে মাঠে পাঠানোর অনুমতি পেয়েছে।
সম্প্রতি জাতীয় সংসদে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য মো. সেলিম ভূঁইয়া। বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ কমিটির সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।
সভার কার্যবিবরণী অনুযায়ী, বই ছাপানোর সিন্ডিকেট নিয়ে কমিটির সভাপতিসহ সব সদস্যই ক্ষোভ জানান। সদস্যরা জানান, সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন মুদ্রণ শিল্প সমিতির সভাপতি মো. রাব্বানি জব্বার। তিনি সাবেক ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের ভাই এবং নেত্রকোনার খালিয়াজুরী উপজেলা পরিষদের দুবারের চেয়ারম্যান। সমিতির সাধারণ সম্পাদক ও অগ্রণী প্রিন্টিং প্রেসের মালিক মো. কাউছার-উজ-জামান রুবেলও এই সিন্ডিকেটে আছেন। কয়েকজন সদস্য জানান, তিনি জুলাই গণহত্যা মামলার আসামি ও যুবলীগের কেন্দ্রীয় নেতা। অন্য আর কজন আওয়ামী লীগ অনুসারী ব্যবসায়ী কাজ পেয়েছেন, তা খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
কাউছার-উজ-জামান রুবেলের পরিবারের আরও দুটি প্রেস রয়েছে। কর্ণফুলী আর্ট প্রেসের মালিক হাসানুজ্জামান রবিন তাঁর আপন ভাই। কচুয়া প্রেসের হুমায়ুন কবির তাঁদের ভগ্নিপতি। আওয়ামী লীগ আমলে এ খাতে তাঁরা সবচেয়ে প্রভাবশালী ছিলেন।
এনসিটিবি সূত্র জানায়, এবার অগ্রণী প্রেস ১ কোটি ৮৩ লাখ ৩৪ হাজার ৬৭১ কপি বই ছাপার কাজ পেয়েছে। কর্ণফুলী আর্ট প্রেস পেয়েছে ১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ৩৬৯ কপি। কচুয়া প্রেস পেয়েছে ৬৭ লাখ ৩৭ হাজার ১১৮ কপি। রাব্বানি জব্বারের আনন্দ প্রিন্টার্স লিমিটেড পেয়েছে ৩১ লাখ ৪৯ হাজার ২৩৯ কপি। সব মিলিয়ে এবার ১১৭টি প্রেস বই ছাপছে।
শিক্ষা অডিট অধিদপ্তরের সর্বশেষ নিরীক্ষা অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বই ছাপায় এনসিটিবিতে ২ হাজার ৭১১ কোটি ২০ লাখ টাকার আর্থিক অনিয়ম হয়েছে। উন্মুক্ত দরপত্র এড়িয়ে সরাসরি ক্রয় পদ্ধতিতে বই ছাপানোয় অনিয়ম হয়েছে ৮৯ কোটি ৫৪ লাখ ৭৩ হাজার ৬৯৭ টাকার। একক দরদাতার উচ্চ দরের প্রস্তাব বাতিল না করে কাজ দেওয়ায় ক্ষতি হয়েছে ৬১ কোটি ৮ লাখ ৮২ হাজার ৪১৫ টাকা। ২০২৫ শিক্ষাবর্ষের ২২২টি লটের প্রতিটিতেই একক ঠিকাদার বেশি দরে দরপত্র দিয়ে কাজ পান। চলতি অর্থবছরেও একই চিত্র দেখা গেছে। আগামী শিক্ষাবর্ষের ৭০০টির বেশি দরপত্রের মধ্যে ৪৮৫টি বিশ্লেষণ করে ২৩১টিতে একক দরদাতা পাওয়া গেছে, যাঁরাই কাজ পেয়েছেন। কোথাও একই মালিকের একাধিক প্রতিষ্ঠান দরপত্রে অংশ নেয় এবং দরপত্র চলাকালে প্রাক্কলন দর বাড়ানো হয়। এসব অনিয়মে এবারও সরকারের ২৫০ কোটি টাকার বেশি অতিরিক্ত ব্যয় হচ্ছে।
বৈঠকে কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ এমপি বলেন, বিগত সরকারের সময় ভারত থেকে ছাপিয়ে আনা বইয়ে ভারতীয় ভাষার ছাপ থাকত। বর্তমানে দেশের ছাপাখানায় বই ছাপা হলেও পত্রপত্রিকায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠছে। ফ্যাসিস্ট সরকারের সময়ের কাজ পাওয়া ব্যক্তিরাই, যাঁদের অনেকে জুলাই আন্দোলনের হত্যা মামলার আসামি, এখনো কাজ পাচ্ছেন। তিনি এ বিষয়ে গুরুত্বসহকারে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
কমিটির সদস্য মো. জাহান্দার আলী মিয়া এমপি বলেন, ক্ষমতাচ্যুত সরকারের প্রভাবশালী মন্ত্রীর ভাই ও হত্যা মামলার আসামি কীভাবে এমন সংবেদনশীল কাজের দায়িত্ব পেলেন, তা খতিয়ে দেখতে জরুরি তদন্ত কমিটি দরকার। আইনি বাধা না থাকলে টেন্ডার বাতিল বা স্থগিত করার বিষয়টি বিবেচনার অনুরোধও জানান তিনি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক বলেন, গত ১৭ বছরে এনসিটিবিতে গড়ে ওঠা সিন্ডিকেট থেকে প্রতিষ্ঠানটিকে এখনো পুরোপুরি মুক্ত করা যায়নি। কারণ, ওই সিন্ডিকেটের বাইরে মানসম্মত বই ছাপার মতো ছাপাখানা নেই। সমিতির নেতারা কাজ পেলেও সময়মতো বই সরবরাহে অজুহাত ঠেকাতে তাঁদের ছাড় দেওয়া হয়েছে এবং দ্রুত প্রস্তাব পাস করা হয়েছে।
এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফখরুল মাওলা বলেন, পাঠ্যবই মুদ্রণ ও সরবরাহ অত্যন্ত সংবেদনশীল কাজ এবং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, সিনিয়র সচিবসহ গোয়েন্দা সংস্থাগুলোও এ কার্যক্রম তদারকি করে। তবু কোনো অনিয়ম উঠলে ব্যবস্থা নেওয়া হবে।
সংসদীয় কমিটির সভাপতি মো. সেলিম ভূঁইয়া বলেন, পাঠ্যবই ছাপার টেন্ডার কীভাবে বিগত সরকারের লোকজন পেল, তা তদন্ত করা উচিত। পত্রপত্রিকায় আসা দুর্নীতির অভিযোগ যাচাই করে শিক্ষা মন্ত্রণালয়ের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এসএইচ