তরুণ অভিনেত্রী ও মডেল নওবা তাহিয়া হোসাইন শোবিজ অঙ্গন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। অভিনয় ছাড়ার কারণ হিসেবে তিনি নিজের ফেসবুক পোস্টে দ্বিনের পথে নিজেকে নিয়োজিত করার বিষয়টি উল্লেখ করেছেন।
এ বিষয়ে নওবা তাহিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিনয় ছাড়ার কারণ তিনি ইতোমধ্যে ফেসবুকেই স্পষ্ট করে বলেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এই মুহূর্তে তিনি নিজের দ্বীন, নিজের ভেতরের জগৎ ও শেখার প্রক্রিয়ার মধ্যেই সময় কাটাতে চাইছেন। পাশাপাশি যাদের সঙ্গে থাকলে ঘরের মতো অনুভূতি হয়, তাদের সান্নিধ্যেই তিনি মানসিক শান্তি খুঁজে পাচ্ছেন।
নওবা তাহিয়া আরও জানান, পড়াশোনা ও ব্যক্তিগত উন্নতিতে মনোযোগ দেওয়ার জন্যই জীবনের এই অধ্যায়টি তাঁর কাছে এখন সবচেয়ে সঠিক মনে হচ্ছে। এ বিষয়ে নতুন করে আর কিছু বলতে চান না বলেও জানান তিনি।
ফেসবুক পোস্টে নওবা তাহিয়া লেখেন, মিডিয়ায় চারটি সুন্দর বছর কাটানোর পর তিনি এখানেই থামার সিদ্ধান্ত নিয়েছেন। এই যাত্রা তাঁর জন্য খুবই গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ছিল এবং এর জন্য তিনি আজীবন কৃতজ্ঞ থাকবেন।
নওবা তাহিয়া বিটিভির সাপ্তাহিক নাটক ফেরার গল্প-এ বর্ষা চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। কাজী নূরুল হুদা জাহাঙ্গীরের রচনায় ও সাহরিয়ার মোহাম্মদ হাসানের প্রযোজনায় নির্মিত নাটকটি প্রচারের পর নবাগত অভিনেত্রী হিসেবে আলোচনায় আসেন তিনি। এরপর বিভিন্ন প্ল্যাটফর্মে অভিনয়ের মাধ্যমে নিজের দক্ষতা তুলে ধরে দর্শকের প্রশংসা অর্জন করেন নওবা তাহিয়া।
এসএইচ