ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আবারও খোলামেলা কথা বলেছেন। এক সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করা ছিল তার জীবনের একটি ভুল সিদ্ধান্ত।
এক সময়ের আলোচিত জুটি শাকিব খান ও অপু বিশ্বাস শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও সম্পর্কে জড়ান এবং ২০০৮ সালে গোপনে বিয়ে করেন। তবে সেই সিদ্ধান্ত নিয়ে এখন ভিন্নভাবে ভাবছেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে বিয়েকে ‘টার্নিং পয়েন্ট’ বলা যায় কিনা—এমন প্রশ্নের জবাবে অপু বলেন, “বিয়ে কেন টার্নিং পয়েন্ট হবে? ওটা আসলে ভুল সিদ্ধান্ত ছিল। খুব অল্প বয়সে আবেগতাড়িত হয়ে বিয়ে করাটা আমার জীবনের ভুল ছিল।”
তিনি আরও বলেন, নিজের অভিজ্ঞতা থেকে অন্যদের উদ্দেশ্যে বলতে চান—পর্যাপ্ত পরিণত মানসিকতা (ম্যাচিউরিটি) না আসা পর্যন্ত বিয়ের মতো বড় সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।
ভবিষ্যতে আবার নতুন করে সংসার করার পরিকল্পনা আছে কিনা—এ প্রশ্নে অপু বিশ্বাস সরাসরি কোনো উত্তর দেননি। জানান, এ মুহূর্তে তিনি এমন সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় নেই।
বর্তমান সময়ে সামাজিক মাধ্যমে ট্রল ও সমালোচনা নিয়ে তিনি বেশ স্বচ্ছন্দ। তার ভাষায়, এসব নেতিবাচক বিষয় তাকে খুব একটা প্রভাবিত করে না—বরং অনেক সময় এগুলো এড়িয়ে যান, আবার কখনো কখনো উপভোগও করেন।
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে তিনি বিয়ের খবর প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালের ১২ মার্চ তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়। তাদের এক ছেলে সন্তান রয়েছে।
ক্যারিয়ারের শুরুতে নিজের আচরণ নিয়েও আত্মসমালোচনা করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, আগে অনেকটাই আবেগপ্রবণ ছিলেন, তবে এখন ক্যামেরার সামনে নিজেকে অনেক বেশি নিয়ন্ত্রিত রাখতে শিখেছেন।
এদিকে, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে তার নতুন সিনেমা ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তিনি।
এম