শরীফুল রাজ কতজন নায়িকার সঙ্গে সম্পর্ক গড়েছেন?

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:০৬ পিএম

শোবিজ অঙ্গনে একাধিক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অভিনেতা শরীফুল রাজ। দীর্ঘদিন নীরব থাকার পর এক সাক্ষাৎকারে তিনি এসব আলোচনাকে ভিত্তিহীন বলে দাবি করেছেন।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থাপক যখন একে একে নাজিফা তুষি, তানজিন তিশা, সুনেরাহ বিনতে কামাল, শিরিন শিলা, বিদ্যা সিনহা মিম এবং শবনম বুবলীর নাম উল্লেখ করেন, তখন রাজ হেসে প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, একজন মানুষের পক্ষে একসঙ্গে এতগুলো সম্পর্কে জড়ানো বাস্তবসম্মত নয়।

রাজের ভাষ্য অনুযায়ী, এসব অভিনেত্রীর সঙ্গে তার সম্পর্ক বন্ধুত্বপূর্ণ। তারা দীর্ঘদিনের পরিচিত এবং একসঙ্গে কাজের সূত্রেই ঘনিষ্ঠতা তৈরি হয়েছে। বিশেষ করে ‘আইসক্রিম’ সিনেমার সহশিল্পী নাজিফা তুষির সঙ্গে তার পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। “ওরা আমার বাসায় আসে, আমরা একসঙ্গে আড্ডা দিই”—বলেন রাজ।

তবে তার ব্যক্তিগত একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনাকে তিনি পরিকল্পিত বলে দাবি করেছেন। রাজের অভিযোগ, কেউ ইচ্ছাকৃতভাবে তাকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেছে।

ভিডিওতে ব্যবহৃত কিছু ভাষা নিয়েও কথা বলেন তিনি। তার মতে, ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে ব্যক্তিগত আড্ডায় হালকা মজা বা অনানুষ্ঠানিক ভাষা ব্যবহার অস্বাভাবিক কিছু নয়। তবে সেই মুহূর্ত ধারণ করা এবং তা ফাঁস করা—দুটোই অনৈতিক বলে মন্তব্য করেন এই অভিনেতা।

‘নেটওয়ার্কের বাইরে’ ও ‘হাওয়া’ র মতো আলোচিত কাজের পর এই বিতর্ক তার ক্যারিয়ারে প্রভাব ফেলেছে বলেও ইঙ্গিত দেন রাজ।

এম