সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকারে দাবি করা হয়েছে, ভাড়াটের হাতে বাড়ি দখল হয়ে যাওয়ায় এখন ছোট্ট বাসায় ভাড়া থাকেন অভিনেত্রী দিলারা জামান। তবে এই দাবিকে বিভ্রান্তিকর বলে জানিয়েছেন বরেণ্য এই অভিনেত্রী। তার ভাষ্য, বাড়ি দখলের ঘটনা সত্য হলেও সেটি প্রায় ২২-২৩ বছর আগের। বর্তমানে তিনি নিজের ফ্ল্যাটেই বসবাস করছেন।
দেখা যায় শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকেই সামাজিক মাধ্যমে দিলারা জামানের নামে একটি বক্তব্যসহ ফটোকাড ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, বাবার দেয়া জমিতে ধারদেনা করে বাড়ি বানিয়েছিলেন তিনি। পরে দেনা শোধ করতে বাড়িটি ভাড়া দিলেও ভাড়ার টাকা পাননি এবং একপর্যায়ে ভাড়াটে বাড়ি দখল করে নেয়। বর্তমানে ছোট্ট একটি বাসায় ভাড়া থাকেন তিনি এমন কথাও ওই পোস্টে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি হলেও খবরটি শুনে বিস্মিত হন দিলারা জামান। অভিনেত্রী সংবাদমাধ্যমে বলেন, মানুষের মাথা কি নষ্ট হয়ে গেছে। একটু ভেবেচিন্তে, কথা বলে লিখলে তো ভালো হয়।
দিলারা জামান জানান, বাড়ি দখল নিয়ে যে ঘটনা ছড়ানো হচ্ছে, সেটি বর্তমান সময়ের নয়। ঘটনাটি ঘটেছিল ২০০৩–২০০৪ সালের দিকে, যখন তিনি ঢাকার শ্যামলী এলাকায় বসবাস করতেন। সেখানে তার পৈতৃক বাড়ি ছিল। বাবার কাছ থেকে পাওয়া সেই বাড়িতেই পরিবার নিয়ে থাকতেন তিনি। একপর্যায়ে বাড়িটি দখলের পরিস্থিতি তৈরি হয়। তখন বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশিত হলে সংশ্লিষ্টদের মধ্যে নড়েচড়ে বসার পরিস্থিতি তৈরি হয়। পরে সেই দখলের চেষ্টা আর সফল হয়নি।
তবে পরবর্তী সময়ে শ্যামলীর সেই বাড়িটি বিক্রি করে দেন অভিনেত্রী। এখন নিজের ফ্ল্যাটেই থাকেন দিলারা জামান দিলারা জামান জানান, ২০০৮ সালে পরিবার নিয়ে উত্তরায় চলে আসেন তিনি। সেখানে ১ হাজার ৬০০ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনেন। এরপর থেকে সেখানেই বসবাস করছেন।
দেশের বাইরে থাকা দুই মেয়ের কাছে মাঝেমধ্যে গেলেও এখন আর তেমন বিদেশে যাওয়া হয় না বলে জানান তিনি। অভিনয় নিয়ে ব্যস্ততার পাশাপাশি উত্তরার নিজের ফ্ল্যাটেই থাকছেন এই অভিনেত্রী। এত বছর পর পুরোনো একটি ঘটনা নতুন করে ছড়িয়ে পড়ায় বিস্ময় প্রকাশ করে দিলারা জামান বলেন, হঠাৎ করে এ ধরনের আজগুবি তথ্য কীভাবে সামনে এলো, তা তিনি নিজেও বুঝতে পারছেন না।
এম