রাত ৩টায় পেট্রোল পাম্পের ওয়াশরুমে ভয়াবহ অভিজ্ঞতা, অল্পের জন্য রক্ষা পেলেন ফারিন খান

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ২৩, ২০২৬, ১২:৩১ পিএম

ছোটপর্দার পরিচিত মুখ ফারিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সাথে ঘটে যাওয়া এক লোমহর্ষক ও ভয়াবহ অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন। গত ১৩ মে ঢাকা থেকে নাটকের শুটিংয়ের উদ্দেশ্যে জামালপুর যাওয়ার পথে মাঝরাতে এক পেট্রোল পাম্পের ওয়াশরুমে তিনি এই অনাকাঙ্ক্ষিত ও ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হন। অল্পের জন্য বড় ধরনের অঘটন থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে দেওয়া এক দীর্ঘ পোস্টে ঘটনার বর্ণনা দিয়ে ফারিন খান লেখেন, “১৩ তারিখ জামালপুর যাচ্ছিলাম। আনুমানিক রাত ৩টা ১৫ মিনিটে বাধ্য হয়েই একটা পেট্রোল পাম্পের ওয়াশরুমে যাই। যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমার কেন যেন মনে হলো পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরক্ষণেই তাকিয়ে দেখলাম দুটো হাত ভেন্টিলেটর দিয়ে ঠিক আমার গলার কাছে। হয়তো আমি সময়মতো চিৎকার না দিলে আমাকে মেরে ফেলে সব লুটপাট করে তারপর ধর্ষণের চেষ্টা করত।”

ভীতিকর সেই মুহূর্তে সাহসিকতার সাথে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন উল্লেখ করে ফারিন জানান, তাঁর চিৎকার শুনেই গাড়ির চালক দ্রুত এগিয়ে আসেন। তবে চালক লোকটিকে ধরার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরবর্তীতে চালকের বরাত দিয়ে তিনি জানান, লোকটি অনেকগুলো ডিমের খোসা নিয়ে ওয়াশরুমের পেছনের দিকে যাচ্ছিল। ময়লা ফেলতে যাচ্ছে ভেবে চালক প্রথমে বিষয়টি গুরুত্ব দেননি, তবে ফারিনের চিৎকার শুনেই তিনি দ্রুত পাম্পের পেছনের দিকে ছুটে যান।

ঘটনার ধাক্কা কাটিয়ে উঠলেও মানসিকভাবে তীব্র ট্রমার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। তিনি লেখেন, “ওপরে ওপরে সাহস দেখালেও আমি জানি ভেতরে ভেতরে কতটা ভয় আমি পেয়েছিলাম। বিষয়টি ভেবেছিলাম কাউকে বলে আর কী হবে, হয়তো আল্লাহ আমাকে সেদিন রক্ষা করেছেন। কিন্তু মানসিকভাবে আমি যে কী পরিমাণ কষ্ট পেয়েছি, কতটা খারাপ লাগা কাজ করেছে এবং কী পরিমাণ চাপা যন্ত্রণা অনুভব করেছি, সেটা শুধুমাত্র আমি জানি।”

পোস্টের শেষাংশে কর্মজীবী নারীদের নিরাপত্তা এবং দেশের সামগ্রিক সামাজিক দৃষ্টিভঙ্গি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফারিন খান। তিনি বলেন, “আমরা যেসব মেয়েরা বাইরে কাজ করি, আমরা জানি কত কত এ ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। তবে এই দেশে সত্যিই মেয়েরা নিরাপদ না। যে দেশে আমাকে আমার পোশাক দিয়ে বিচার করা হয়, সে দেশে আসলে ধর্ষণের মতো আচরণ শুধুই মেয়েদের দোষ; যার বাংলাদেশের ইতিহাসে তেমন কোনো বিচার কখনো হয়নি, যেটার ভয়ে এসব বন্ধ হবে।”

মাঝরাতে মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্পগুলোতে যাতায়াতকারী সাধারণ যাত্রী, বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফারিনের এই স্ট্যাটাসটি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই পাম্পগুলোতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা ও নিরাপত্তা প্রহরী রাখার দাবি জানিয়েছেন।

এম