ঢাকা: অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও গৌরী স্প্র্যাট। প্রায় ২৫ বছরের পরিচয় ও দুই বছরের প্রেমের পর মুম্বাইয়ের বান্দ্রায় নিজের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। বিয়ের পর বর-কনের প্রথম নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে আয়োজিত অন্তরঙ্গ অনুষ্ঠানের সেই আবেগঘন মুহূর্ত এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দু।
ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে একে অপরের প্রতি অঙ্গীকার করার পর আমির ও গৌরী ধীরলয়ে নাচছেন। একপর্যায়ে আমির নববধূকে আলিঙ্গন করেন ও ভালোবাসার চুম্বনে ভরিয়ে দেন। চারপাশে উপস্থিত স্বজনদের করতালি ও উচ্ছ্বাসে মুহূর্তটি প্রাণবন্ত হয়ে ওঠে।
ভিডিওর ক্যাপশনে ইরফান লিখেছেন, ‘প্রিয় আমির ভাই ও গৌরী, আপনাদের বিয়ের জন্য আন্তরিক অভিনন্দন। ভালোবাসা, সুখ, হাসি ও একসঙ্গে কাটানো অসংখ্য সুন্দর মুহূর্তে ভরে উঠুক আপনাদের জীবন। আল্লাহ আপনাদের নতুন পথচলাকে অফুরন্ত আনন্দ ও আশীর্বাদে ভরিয়ে দিন।’
বিয়ের অনুষ্ঠানে আমির খানকে দেখা যায় সাদা রঙের ঐতিহ্যবাহী পোশাকে, যার সঙ্গে ছিল ব্রোঞ্জের একটি ব্রোচ। অন্যদিকে গৌরী স্প্র্যাট পরেছিলেন হালকা বেইজ রঙের সূক্ষ্ম কারুকাজ করা ঐতিহ্যবাহী পোশাক। খোঁপার বদলে বেণি করা চুলে ছিল মার্জিত সাজ, যা অনেকের প্রশংসা কুড়িয়েছে।
বিয়ের পর আমির খানের জনসংযোগ সংস্থা নবদম্পতির প্রথম আনুষ্ঠানিক ছবি প্রকাশ করে। ছবির ক্যাপশনে লেখা হয়, ‘ভালোবাসা, হাসি এবং স্মরণীয় মুহূর্তের এক উদযাপন। আমির খানের বিয়ের আনন্দঘন আয়োজনের উষ্ণতা, আনন্দ আর জাদুকরী আবহের অংশ হোন।’
পিএস