মেসির বিদায়ে আবেগে ভাসলেন বাংলাদেশের তারকারা

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৬, ০১:০১ পিএম
ফাইল ছবি

ঢাকা: আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে এক গোল ও দুটি অ্যাসিস্ট করে জাতীয় দলের হয়ে নিজের শেষ ম্যাচটিকেও স্মরণীয় করে রেখেছেন তিনি।

মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা, পরীমনি এবং ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ। তাদের পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা, অসংখ্য স্মৃতি আর বিদায়ের আবেগ।

মেসিকে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করে পূর্ণিমা লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

[276530]

মেসির বিদায়কে একটি যুগের সমাপ্তি হিসেবে দেখেছেন পরীমনি।

দীর্ঘ এক আবেগঘন বার্তায় তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়… আজ একটা যুগের শেষ অধ্যায়।’
মেসিকে ঘিরে নিজের দীর্ঘদিনের স্মৃতিও তুলে ধরেছেন পরীমনি। আর্জেন্টিনার জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখতে গিয়ে বহু রাত জেগে তার খেলা দেখা, গোলের পর উচ্ছ্বাস আর হারের পর কষ্টের মুহূর্তগুলো মনে পড়ছে বলে জানান তিনি।

বিশেষ করে ২০২২ বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের মুহূর্তটি স্মরণ করেছেন পরীমনি।

মেসির হাতে বিশ্বকাপ ট্রফি দেখার সেই আনন্দ কখনো ভুলে যাওয়ার নয় বলেও উল্লেখ করেন তিনি। তার কাছে জয়-পরাজয়ের হিসাবের চেয়েও বিদায়ী ম্যাচে নীল-সাদা জার্সিতে মেসিকে শেষবারের মতো দেখার অনুভূতিই ছিল বড়।

পরীমনি আরো লেখেন, ‘বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না।’

মেসির বিদায়ী ম্যাচে আবেগ প্রকাশ করেছেন অভিনেতা ইরফান সাজ্জাদও।

তিনি লিখেছেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

জাতীয় দলের হয়ে ১২৬তম গোল করে নিজের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচটিও স্মরণীয় করে রেখেছেন মেসি। মাঠের পারফরম্যান্সে যেমন আলো ছড়িয়েছেন, তেমনি তার বিদায়ের মুহূর্ত ছুঁয়ে গেছে বাংলাদেশের তারকাদেরও। সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের আবেগঘন পোস্টে ফুটে উঠেছে মেসিকে ঘিরে দীর্ঘদিনের ভালোবাসা ও অগণিত স্মৃতি।

এসআই