প্রথমবারের মতো হলিউডের অস্কারজয়ী অভিনেতা রাসেল ক্রোর বিপরীতে অভিনয় করছেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ‘ব্লুফ্লাই’ নামের একটি সায়েন্স ফিকশন ও অ্যাকশন-থ্রিলার সিনেমায় একসঙ্গে দেখা যাবে এই দুই তারকাকে। নিমরোদ আনতাল পরিচালিত ছবিটির শুটিং ইতিমধ্যে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। এতে আরও অভিনয় করছেন মাইকেল চিকলিস ও ড্যানিয়েল ম্যাকফারসন।
সিনেমাটিতে জাতিসংঘের অনুবাদক মাইলা রিস চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। অন্যদিকে সাবেক পাইলট বেনির ভূমিকায় দেখা যাবে রাসেল ক্রোকে। গল্পে দেখা যাবে, কঙ্গোর গভীর জঙ্গলে একটি রহস্যময় সামরিক উড়োজাহাজ উদ্ধারের গোপন অভিযানে নামে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী। সেই অভিযানে যুক্ত হন মাইলা ও বেনি। অভিযান যত এগোয়, ততই সামনে আসতে থাকে অজানা বিপদ ও রহস্য; একপর্যায়ে বেঁচে থাকার লড়াইয়ে নামতে হয় তাঁদের।
‘ব্লুফ্লাই’ সিনেমার চরিত্রটি প্রিয়াঙ্কার জন্য বেশ ব্যতিক্রমী। এর আগে ‘সিটাডেল’ ও ‘দ্য ব্লাফ’-এর মতো কাজে অস্ত্র হাতে অ্যাকশন দৃশ্যে দেখা গেছে তাঁকে। তবে এবার তাঁর প্রধান শক্তি অস্ত্র নয়, বরং ভাষা।
সম্প্রতি ‘হলিউড রিপোর্টার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা জানান, চরিত্রটির প্রতি আগ্রহী হওয়ার পেছনে বড় কারণ জাতিসংঘের অনুবাদকদের কাজ। প্রায় ১৫ বছর ধরে ইউনিসেফের সঙ্গে কাজ করার সুবাদে জাতিসংঘের বিভিন্ন অনুবাদকের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। যুদ্ধবিধ্বস্ত এলাকায় তাঁদের সাহসিকতা ও দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে মুগ্ধ করেছে।
প্রিয়াঙ্কার মতে, অনুবাদকের কাজ কেবল একটি ভাষার শব্দ অন্য ভাষায় রূপান্তর করা নয়; বরং বক্তার বক্তব্যের অন্তর্নিহিত অর্থ ও উদ্দেশ্যও যথাযথভাবে তুলে ধরা। তাই চরিত্রটির প্রতি সুবিচার করতে চান তিনি। এ জন্য আফ্রিকার তিনটি ভাষা—সোহায়িলি, জুলু ও লিঙ্গালার সংলাপ রপ্ত করতে ভাষা প্রশিক্ষকের কাছে প্রস্তুতি নিচ্ছেন। নিজের ভাষা ও সংস্কৃতির ভুল উপস্থাপন নিয়ে বরাবরই সচেতন প্রিয়াঙ্কা মনে করেন, পর্দায় অন্য সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও যথেষ্ট দায়িত্বশীল হওয়া জরুরি।
অ্যাকশন দৃশ্যে অস্ত্র হাতে অভিনয় প্রসঙ্গে মজা করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমার হাতে অস্ত্র থাকলে আমাকে ভালোই দেখায়।’ তবে ‘ব্লুফ্লাই’-এ ভাষার মাধ্যমে নিজের শক্তি প্রকাশ করতে চান তিনি। চরিত্রটির ভেতরে এক ধরনের কোমলতা ও মানবিক দিক খুঁজে পাওয়ার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী।
‘ব্লুফ্লাই’ ছাড়াও প্রিয়াঙ্কা ও রাসেল ক্রো—দুই তারকার হাতেই রয়েছে একাধিক বড় আয়োজন। দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা। এসএস রাজামৌলির পরিচালনায় মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারনের সঙ্গে ‘বারাণসী’ সিনেমায় মান্দাকিনি চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী ৭ এপ্রিল ২০২৭ ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে। এ ছাড়া অরল্যান্ডো ব্লুমের বিপরীতে ‘রিসেট’ নামের একটি সারভাইভাল থ্রিলারেও অভিনয় করার কথা রয়েছে তাঁর। অন্যদিকে রাসেল ক্রোকে সামনে দেখা যাবে ‘আনঅ্যাবোম্বার’, ‘দ্য ওয়েট’ ও ‘বিলিয়ন ডলার স্পাই’ সিনেমায়; পাশাপাশি অ্যামাজন এমজিএমের ‘হাইল্যান্ডার’ সিনেমার নতুন সংস্করণেও কাজ করছেন তিনি।
এসএইচ