চিত্রনায়িকা অপু বিশ্বাসের সাবেক ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট আল আমিন রাফির (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি প্রয়াত আলাউদ্দিন ও জাহেরা খাতুন দম্পতির ছেলে।
গত শুক্রবার বিকেলে কুলিয়ারচরে অবস্থিত ‘পারফেক্ট বিউটি পার্লার’ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, বন্ধুকে বিদেশে পাঠাতে ধারদেনা করে দেওয়া টাকা ফেরত না পাওয়ায় ঋণের চাপে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন রাফি। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ঢাকায় অপু বিশ্বাসের ব্যক্তিগত মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করেন। প্রায় তিন-চার বছর আগে নিজ এলাকায় ফিরে কয়েকজন নারীকে কাজ শিখিয়ে পার্লারটি চালু করেন।
পার্লারের কর্মী বৃষ্টি বেগম জানান, রাফি ধারদেনা করে এক বন্ধুকে বিদেশে পাঠিয়েছিলেন। প্রায়ই তাঁকে ফোন করে ওই বন্ধুর কাছে টাকা চাইতে দেখেছেন তিনি। তবে কত টাকা দিয়েছিলেন, তা তাঁর জানা নেই। কারও সঙ্গে রাফির শত্রুতা ছিল না বলেও জানান বৃষ্টি।
নিহতের বোন রোহেনা আক্তার বলেন, নরসিংদীর বেলাব উপজেলার বারিচা এলাকার শাহাবুদ্দিনের ছেলে নাঈমকে ঋণ ও ধারদেনা করে প্রায় পাঁচ লাখ টাকা দিয়ে গ্রিসে যেতে সহায়তা করেছিলেন রাফি। নাঈম বর্তমানে গ্রিসে আছেন। গত ২৬ নভেম্বর রাতে রাফি ফোন করে পাওনা টাকা ফেরত চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হবে। প্রাথমিকভাবে দেনার চাপের বিষয়টি সামনে এলেও ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। পরিবারের সঙ্গে কথা বলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এসএইচ