বামপন্থী নেতার হঠাৎ ভারত সফর ঘিরে চলছে নানামুখী আলোচনা ও গুঞ্জন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৫, ২০২৬, ০৭:০৪ পিএম
ফাইল ছবি

ফুসফুসের জটিলতায় উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ের উদ্দেশে যাত্রা করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। 

বৃহস্পতিবার (২৫ জুন) বেলা আড়াইটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভারতের উদ্দেশে তিনি রওনা হন। তবে বর্ষীয়ান এই বামপন্থী নেতার হঠাৎ ভারত সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানামুখী আলোচনা ও গুঞ্জন।

দলীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৭ জুন সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মুজাহিদুল ইসলাম সেলিম। তাৎক্ষণিকভাবে তাঁকে ঢাকার হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকদের পরামর্শে তাঁকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে অধ্যাপক ডা. মোহাম্মদ সাইদুর রহমান খানের তত্ত্বাবধানে তাঁর এনজিওগ্রাম সম্পন্ন হয়। পরবর্তীতে সেলিমের নিউমোনিয়া শনাক্ত হওয়ায় ঢাকার অপর একটি হাসপাতালে স্থানান্তর করে অধ্যাপক ডা. এম দেলোয়ার হোসেনের তত্ত্বাবধানে তাঁর ফুসফুসে জমা হওয়া তরল অপসারণের উদ্যোগ নেওয়া হয়।

তবে তরল অপসারণের প্রক্রিয়ার একপর্যায়ে নতুন জটিলতা দেখা দেয়। ফুসফুস ও বক্ষপ্রাচীরের মধ্যবর্তী স্থানে বাতাস প্রবেশ করায় তাঁর ফুসফুস আংশিকভাবে চুপসে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ জুন রাত ৮টায় অধ্যাপক ডা. মিলন কিবরিয়ার তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা ও প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করা হয়। এরপর তাঁর রোগের প্রকৃতি ও অন্তর্নিহিত কারণ সম্পর্কে আরও নির্ভুল তথ্য পাওয়ার উদ্দেশ্যে একাধিক পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। মুজাহিদুল ইসলাম সেলিমের বর্তমান শারীরিক অবস্থায় প্রয়োজনীয় কয়েকটি বিশেষায়িত চিকিৎসা প্রযুক্তি নিকটস্থ চেন্নাইয়ে সহজলভ্য হওয়ায় চিকিৎসকদের পরামর্শে জরুরি ভিত্তিতে সাময়িকভাবে তাঁকে সেখানে নেওয়ার সিদ্ধান্ত হয়।

এদিকে কমরেড সেলিমের এই জরুরি ভারত সফরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাধারণ নেটিজেনদের একাংশ ভিন্ন গন্ধ খুঁজছেন। সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। আব্দুল আজিজ নামের একজন লিখেছেন, চিকিৎসা নেওয়ার জন্য হলে কথা নাই। কিন্তু অন্য উদ্দেশ্য থাকতে পারে। মো. নুরুজ্জামান নামের আরেকজন মন্তব্য করেছেন, নিশ্চয় ভারতের সঙ্গে গোপন মিটিংয়ে যুক্ত হবেন। এমনকি অন্য একজন নেটিজেন তো তাঁকে সরাসরি ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর সদস্য বলেও আখ্যা দিয়েছেন।

অবশ্য সিপিবির নেতৃবৃন্দসহ বিভিন্ন গণসংগঠন, শ্রেণিপেশার নেতা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সহযোদ্ধারা রাজনৈতিক গুঞ্জনকে উড়িয়ে দিয়ে মুজাহিদুল ইসলাম সেলিমের আশু রোগমুক্তি কামনা করেছেন। দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ চেয়েছেন তাঁরা।

এসএইচ