ঢাকা: মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ বলেছেন, ‘লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা তুলে ধরেন এই ইসলামি বক্তা।
তিনি বলেন, দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখেছেন। গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জতসহ বাঁচতে!’
পোস্টে তিনি প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক আয়োজনের নামে এসব অনুষ্ঠানে গিয়ে কোনো বিপথগামী তরুণ মাদক ছেড়েছে? জুয়া থেকে ফিরেছে? পড়াশোনায় মনোযোগী হয়েছে? বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল কিংবা সমাজের প্রতি শ্রদ্ধাশীল হয়েছে? নাকি উল্টো উচ্ছৃঙ্খলতাকেই আধুনিকতা ও স্বাধীনতার মোড়কে স্বাভাবিক করে তোলা হচ্ছে?
পাবলিক প্লেসে ধূমপান নিষিদ্ধ। অথচ শিশু-কিশোরদের জন্য উন্মুক্ত আয়োজনে প্রকাশ্যে ধূমপান, মাদকের প্রদর্শন, অশালীন আচরণ, উদ্দেশ্যমূলক বেলুনের বেহায়া উড্ডয়ন ও মূল্যবোধবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। প্রশ্ন হচ্ছে, এগুলো কোন সংস্কৃতির চর্চা? বিনোদনের নামে কিশোরদের সামনে এমন দৃষ্টান্ত স্থাপন করে আমরা আসলে কী শেখাচ্ছি?
আব্দুল হাই সাইফুল্লাহর মতে, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে দূরে রাখতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে আয়োজিত কিছু অনুষ্ঠান বিতর্কিত আচরণকে উৎসাহিত করার ক্ষেত্র তৈরি করছে।
তিনি বলেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট হোক, ধর্মীয় আয়োজন হোক কিংবা অন্য কোনো সামাজিক অনুষ্ঠান, কোনোটিই যেন কিশোরদের বিপথে নেওয়ার উপলক্ষ না হয়।
পোস্টের শেষাংশে বিনোদন ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে কিশোর গ্যাং, মাদক ও অপসংস্কৃতির বিস্তার রোধে দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ করেন।
পিএস