দুর্নীতি করলেই সরাসরি চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৫:১৭ পিএম
ফাইল ছবি

স্বাস্থ্যখাতে যেকোনো ধরনের অবহেলা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেখানেই অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, সেখানে শাস্তিস্বরূপ বদলি নয়, বরং সরাসরি চাকরিচ্যুতির ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদী শিশু একাডেমি মিলনায়তনে ‘নরসিংদী ডায়াবেটিক সমিতির’ ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেখানে অবহেলা ও দুর্নীতি, সেখানেই চাকরিচ্যুতি হবে; আমি কোনো ট্রান্সফার বা বদলিতে বিশ্বাস করি না। সবাইকে সততার সঙ্গে কাজ করতে হবে। চিকিৎসা খাতে দুর্নীতি ও ঘুষ বাণিজ্য কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং তা পুরোপুরি বন্ধ করা হবে।

দেশের সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বড় ধরনের উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালু করা হবে। একই সঙ্গে ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার ও স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। উন্নত করা হবে ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকেও।

স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তনের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, এই বছরেই আমরা স্বাস্থ্যখাতে একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি। জনগণের কল্যাণে এবং বিশ্ব মানচিত্রে দেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে প্রতিটা ক্ষেত্রে নতুন নতুন কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। এবারের বাজেটকে একটি ‘আদর্শের বাজেট’ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, প্রতিটি আদর্শকে সম্পূর্ণ দুর্নীতিমুক্তভাবে মাঠে বাস্তবায়ন করা হবে।

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মন্জুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল এবং জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন।

এসএইচ