ঢাকা: হামের উপসর্গে দেশে গত ২৪ ঘণ্টায় দুইজন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর দেশে নিশ্চিত হামে ১০০ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৯৯ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হামে ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯৯ জনে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট ও বরিশাল বিভাগে একজন করে মোট দুই জন মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১ হাজার ২৩৬ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে হামে ৭৯ জন এবং হাম উপসর্গে ১ হাজার ১৫৭ জন আক্রান্ত হয়েছে।
জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৬ হাজার ৪৬১ জন আক্রান্ত হয়েছে। আর নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৮৩৫ জন।
চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫৯ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৮৫০ জন।
পিএস