ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি, নতুন আক্রান্ত ২০৮৯

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ৪, ২০২৬, ০৬:২৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। 

রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগে সিটি করপোরেশন এলাকার বাইরে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ঢাকা বিভাগে ৫১৪ জন আক্রান্ত হয়েছে। এরপর খুলনা বিভাগের ৩৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৪ জন ও রাজশাহী বিভাগে ২২৪ জনসহ বাকিরা অন্যান্য বিভাগে আক্রান্ত হয়েছেন। 

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬২ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৫৮ জন।

পিএস