ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৭

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১৭, ২০২৬, ০৬:০৬ পিএম
ফাইল ছবি

ঢাকা: মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় রোগটিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৭ জন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর ডেঙ্গুতে মোট ৫০৭ জনের মৃত্যু হলো। এর মধ্যে নভেম্বরের প্রথম ১৬ দিনে মারা গেছেন ৮৮ জন। এ ছাড়া অক্টোবরে ১৭৪ জন, সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৫৩৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৬৫ হাজার ৬৪৪ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫৯ হাজার ৫২৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৪৪৪ রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া বরিশালে ৩০৮ জন, চট্টগ্রামে ২৯৭ জন, খুলনায় ২৬৭ জন, রাজশাহীতে ১২৩ জন, ময়মনসিংহে ৫৭ জন, রংপুরে ৩৮ জন এবং সিলেট বিভাগে ৩ জন রোগী ভর্তি হয়েছেন।

পিএস