একযোগে বাড়ল সোনা-রুপা-প্লাটিনামের দাম, সর্বকালের সর্বোচ্চ রেকর্ড

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৫, ০৯:৪৬ পিএম

বিশ্ববাজারে মূল্যবান ধাতুর দামে একযোগে অভূতপূর্ব উত্থান লক্ষ্য করা যাচ্ছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রুপার দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৭৫ ডলারের সীমা ছাড়িয়ে যায়। একই দিনে সোনা ও প্লাটিনামও সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে বিনিয়োগকারীদের দৃষ্টি কেড়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রে সুদের হার কমার সম্ভাবনা এবং বিশ্বজুড়ে চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদের দিকে ঝুঁকতে বাধ্য করছে। এর ফলেই মূল্যবান ধাতুর বাজারে এই তীব্র ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

স্পট বাজারে সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি আউন্স ৪,৫০৫ দশমিক ৩০ ডলারে, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৬ শতাংশ বেশি। লেনদেনের একপর্যায়ে সোনার দাম ৪,৫৩০ দশমিক ৬০ ডলারে উঠে নতুন রেকর্ড গড়ে। পাশাপাশি ফেব্রুয়ারি ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনা ফিউচার বাজারে দাম বেড়ে প্রতি আউন্স ৪,৫৩৪ ডলারে লেনদেন হয়।

তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে রুপার দাম। স্পট রুপার মূল্য ২ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৩ দশমিক ৬৮ ডলারে অবস্থান করলেও দিনের এক পর্যায়ে তা ৭৫ দশমিক ৬২ ডলারে পৌঁছে ইতিহাস তৈরি করে। চলতি বছরে এখন পর্যন্ত রুপার দাম প্রায় ১৫৮ শতাংশ বেড়েছে। সরবরাহ সংকট, যুক্তরাষ্ট্রে রুপাকে ‘ক্রিটিক্যাল মিনারেল’ হিসেবে স্বীকৃতি এবং শিল্প খাতে বাড়তি চাহিদাকে এই উত্থানের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

প্লাটিনামের বাজারেও দেখা গেছে শক্তিশালী গতি। স্পট প্লাটিনামের দাম ৫ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ২,৩৩৮ দশমিক ২০ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে এটি ২,৪৪৮ দশমিক ২৫ ডলার ছুঁয়ে নতুন রেকর্ড গড়েছিল। একই সঙ্গে প্যালাডিয়ামের দাম ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১,৮০৯ দশমিক ৯৩ ডলারে পৌঁছেছে, যা আগের সেশনে তিন বছরের সর্বোচ্চ অবস্থানে ছিল।
এম