যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজকে ‘ধাওয়া’ দিল ইরান

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১০:২৩ এএম
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী একটি তেলবাহী ট্যাংকারকে আটক করার চেষ্টা করেছে ইরানের ছয়টি গানবোট। তবে মার্কিন নৌবাহিনীর সহায়তায় ট্যাংকারটি নিরাপদে সরে যেতে সক্ষম হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানি নৌযানগুলোতে .৫০ ক্যালিবার মেশিনগান ছিল। ট্যাংকারটিকে ইঞ্জিন বন্ধ করে তল্লাশির জন্য প্রস্তুত হতে নির্দেশ দেওয়া হয়, কিন্তু ট্যাংকারটি গতি বাড়িয়ে মার্কিন নৌযানের পাহারায় নিরাপদে চলে যায়।

ঘটনার বিষয়ে পেন্টাগন কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, ইরান হুঁশিয়ারি দিয়েছে, তাদের ভূখণ্ডে কোনো সামরিক হামলা হলে তা পুরো অঞ্চলে সংঘাত সৃষ্টি করতে পারে।

এ সময়ই দেশটির শীর্ষ কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ মঙ্গলবার ইসরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের সঙ্গে বৈঠক করবেন। পরে শুক্রবার তিনি তুরস্কের ইস্তান্বুলে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে বৈঠক করতে পারেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি বিশ্বাস করেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে গুরুত্বের সঙ্গে আলোচনা করছে এবং একটি গ্রহণযোগ্য সমঝোতা সম্ভব। এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সামরিক হামলার সিদ্ধান্ত নিয়েছেন কি না তা তিনি প্রকাশ করবেন না। তবে তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মাধ্যমে এমন একটি চুক্তি করা সম্ভব, যাতে ইরানের পারমাণবিক অস্ত্র থাকবে না।

সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ফক্স নিউজ, অ্যাক্সিওস

এসএইচ