ঢাকা: ইরানকে ‘প্রস্তর যুগে ফিরিয়ে নেওয়া হবে’—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন হুমকির পর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু সেতু আংশিক ধ্বংস হয়ে গেছে।
এ হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে ও শতাধিক আহত হয়েছে বলে ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
[268392]
নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়া বি-ওয়ান সেতুটি তেহরানের সঙ্গে পশ্চিমাঞ্চলীয় ইরানি শহর কারাজের সংযোগ স্থাপন করতো। ১৩৬ মিটার উঁচু এ সেতুটি মধ্যপ্রাচ্যে অনবদ্য প্রকৌশলের উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছিল।
অনলাইনে ছড়িয়ে পড়া ফুটেজে সেতুটির একাংশ ধসে পড়তে ও সেখান থেকে ব্যাপক ধোঁয়া বের হতে দেখা যায়।
সেতুটিতে বৃহস্পতিবার কিছু সময়ের ব্যবধানে দুই দফা হামলা চালানো হয়েছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।
প্রথম হামলায় দুই বেসামরিক নিহতের কথা নিশ্চিত করে দ্বিতীয় হামলার পর তারা বলে, “কয়েক মিনিট আগে মার্কিন-জায়নবাদী শত্রুরা আরও একবার কারাজের বি-ওয়ান সেতুকে নিশানা করেছে।”
প্রথম হামলায় হতাহতদের সহায়তায় জরুরি পরিষেবা সংস্থার দলগুলো সেতুতে ছুটে যাওয়ার পর দ্বিতীয় হামলাটি হয় বলেও তারা দাবি করেছে।
দুই দফা হামলায় মোট ৮ জন নিহত ও শতাধিক আহত হয়েছে বলে পরে জানায় ইরানি গণমাধ্যমগুলো।
ট্রাম্প সেতুটিতে হামলার দৃশ্য ট্রুথ সোশালে পোস্ট করে লেখেন, “ইরানের সবচেয়ে বড় সেতুটি গুঁড়িয়ে দেওয়া হল, আর কখনোই ব্যবহার করা যাবে না। আরও আসছে।”
এর আগে ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে জয় দাবি করে বলেন, মার্কিন সামরিক বাহিনীর পদক্ষেপে ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে এবং ‘মূল কৌশলগত উদ্দেশ্য প্রায় পূরণ হওয়ার পথে’ থাকায় ‘দ্রুতই তাদের কাজ শেষ হবে’।
জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মধ্যপ্রাচ্য নিয়ে নিজের পরিকল্পনার কথা বলতে গিয়ে মার্কিন এ কমান্ডার-ইন-চিফ বলেন, যুক্তরাষ্ট্র আগামী দুই-তিন সপ্তাহ ইরানে ‘অত্যন্ত কঠোর’ আঘাত হানবে। ভাষণে তিনি ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকিও পুনর্ব্যক্ত করেন।
এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি কোর (আইআরজিসি) বি-ওয়ান সেতুতে হামলার পাল্টায় কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব-বাহরাইন ও জর্ডানের ৮টি সেতুকে নিশানা করার হুমকি দিয়েছে বলে জানিয়েছে আধা-সরকারি বার্তা সংস্থা ফারস।
এই ৮ সেতুর মধ্যে কুয়েতের শেখ জাবের আল-আজমেদ আল-সাবাহ সমুদ্র সেতু, আরব আমিরাতের শেখ জায়েদ ও শেখ খলিফা সেতু, সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করা কিং ফাহাদ সংযোগ সেতু এবং জর্ডানের কিং হুসেইন সেতুও আছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু।
এসআই