পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষ থামাতে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে সৌদি আরব ও কাতার।
বার্তাসংস্থা এএফপিকে এক কূটনৈতিক সূত্র জানায়, দুই দেশ যৌথভাবে পরিস্থিতি শান্ত করতে সক্রিয়ভাবে কাজ করছে। লক্ষ্য—উত্তেজনা যেন আরও না বাড়ে এবং সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়।
সংঘর্ষে বড় ধরনের প্রাণহানির তথ্য দিয়েছে পাকিস্তান। দেশটির দাবি, আফগানিস্তানের সামরিক বাহিনীর অন্তত ২২টি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে, যাতে ২৭৪ সেনা নিহত হয়েছেন। একইসঙ্গে নিজেদের ১২ সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে ইসলামাবাদ।
এর আগে বৃহস্পতিবার রাতে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অবস্থানরত সেনাদের ওপর হামলা চালায় আফগানিস্তান। পাকিস্তানের দাবি, গত রোববার আফগান ভূখণ্ডে তাদের বিমান হামলার জবাব হিসেবেই এ আক্রমণ করা হয়।
আফগান হামলার পরপরই পাল্টা সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। রাজধানী কাবুলসহ অন্তত চারটি প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং জানিয়েছে, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আফগানিস্তানে অভিযান এখনো চলমান রয়েছে।
অন্যদিকে আফগান সেনাপ্রধান ফাসিউদ্দিন ফিত্রাত সতর্ক করে বলেছেন, পাকিস্তান যদি আরও হামলা চালায়, তবে তার জবাব আরও শক্তভাবে দেওয়া হবে।
এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সৌদি আরব ও কাতারের উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। তাদের কূটনৈতিক প্রচেষ্টা সফল হলে দক্ষিণ এশিয়ায় বড় ধরনের সামরিক সংঘাত এড়ানো সম্ভব হতে পারে। সূত্র: এএফপি
এম