ইসরায়েলের বর্বরোচিত হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার মোহাম্মদ পাকপৌর নিহত হয়েছেন বলে দাবি করেছে একাধিক সূত্র।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের সামরিক কার্যক্রম সম্পর্কে অবগত দুটি সূত্র এবং একটি আঞ্চলিক সূত্র এ তথ্য দিয়েছে। তবে ইরান সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে এই মৃত্যুর খবর নিশ্চিত করা হয়নি।
এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ি শিগগিরই জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন আল-আলাম। তার ভাষণে চলমান সামরিক পরিস্থিতি এবং সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। ইরানের শীর্ষ সামরিক নেতৃত্বকে লক্ষ্য করে হামলার দাবি সত্য হলে তা আঞ্চলিক উত্তেজনাকে আরও তীব্র করে তুলতে পারে বলে বিশ্লেষকদের আশঙ্কা।
এদিকে, ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের মিনাব শহরের একটি বালিকা প্রাথমিক বিদ্যালয়ে ইসরায়েলের বর্বরোচিত হামলায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৫৩ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। এমনটি জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)।
আইআরএনএর প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকালে বিদ্যালয়টিতে সরাসরি হামলা চালানো হয়। মিনাব শহরের এক কর্মকর্তা মোহাম্মদ রাদমেহর সংস্থাটিকে বলেন, ইসরায়েল সরাসরি বিদ্যালয়টিকে লক্ষ্য করে আঘাত হানে।
হামলার সময় বিদ্যালয় ভবনের ভেতরে প্রায় ১৭০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। ফলে উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এম