সৌদি-কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০২:১৪ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা: ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের পরিধি ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এবং আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে সৌদি আবর এবং কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের সব কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। 

মঙ্গলবার (৩ মার্চ) পৃথক বিবৃতিতে এ তথ্য জানায় মার্কিন সৌদি দূতাবাস এবং কুয়েত দূতাবাস।

সৌদি আরবে অবস্থতি দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ পোস্টে জানানো হয়, মঙ্গলবার (৩ মার্চ) সব নিয়মিত এবং জরুরি অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। সেই সাথে রিয়াদ, জেদ্দা এবং দাম্মামসহ দেশটির বিভিন্ন মিশনে অবস্থানরত কর্মীদের নিজ নিজ স্থানে নিরাপদে অবস্থান বা ‘শেল্টার ইন প্লেস’-এর নির্দেশ দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, “দূতাবাসে হামলার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানে যাওয়া থেকে বিরত থাকুন।” মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে দূতাবাস জানায়, “আমরা সব মার্কিন নাগরিককে ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা বজায় রাখার পরামর্শ দিচ্ছি।” 

কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে জানানো হয়েছে যে বর্তমান উদ্ভূত পরিস্থিতির কারণে নিয়মিত এবং জরুরি সব ধরনের কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় কার্যক্রম শুরুর বিষয়টি জানিয়ে দেওয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ইরানের সঙ্গে আমেরিকার এই ক্রমবর্ধমান সংঘাতের ফলে গত সপ্তাহান্তে বেশ কিছু বড় ধরনের সামরিক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। মার্কিন কর্মকর্তাদের দেওয়া তথ্য থেকে জানা যায়, ইরানের একটি হামলায় অন্তত চারজন মার্কিন সৈন্য নিহত হয়েছেন।

পিএস