ঢাকা: ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা ষষ্ঠ দিনে গড়িয়েছে। এই সংঘাতে ইরানজুড়ে এখন পর্যন্ত ১ হাজার ২৩০ জন মানুষ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থার বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে আগ্রাসন শুরু করে। ওই হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ স্থানীয় অনেক নেতা নিহত হন।
হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।
বৃহস্পতিবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের ২০টি মার্কিন সামরিক ঘাঁটিতে উল্লেখ্যযোগ্য ক্ষয়ক্ষতি করেছে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকা লক্ষ্যবস্তু করছে বলে অভিযোগ করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া পোস্টে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের জনগণকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, কারণ আগ্রাসনকারী ইচ্ছাকৃতভাবে বেসামরিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করছে।’
পিএস