ট্রাম্পের যুদ্ধ বন্ধের খবরে কমে গেল তেলের দাম

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১০, ২০২৬, ১০:৫৩ এএম

ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা শিগগিরই শেষ হতে পারে—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে।

মঙ্গলবার দিনের শুরুতেই বৈশ্বিক বাজারে তেলের দুটি প্রধান সূচক ব্রেন্ট ক্রুড ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)–এর দাম কমতে শুরু করে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হচ্ছে প্রায় ৯২ দশমিক ৫০ ডলারে, যা আগের দিনের তুলনায় প্রায় ৮ দশমিক ৫ শতাংশ কম। অন্যদিকে ডব্লিউটিআই তেলের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৬০ ডলারে, যা সোমবারের তুলনায় প্রায় ৯ শতাংশ কম।

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালী ঘিরে নিরাপত্তা শঙ্কার কারণে গত কয়েক দিন ধরেই তেলের বাজার অস্থির ছিল। এর প্রভাব পড়ে আন্তর্জাতিক দামে, যা দ্রুত বাড়তে থাকে। গত ৮ মার্চ রোববার তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে যায়। সেদিন প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড বিক্রি হয়েছিল ১০৮ দশমিক ৬৮ ডলারে এবং ডব্লিউটিআই ছিল প্রায় ১০৮ ডলার।

রোববারের সেই দামে আগের দিনের তুলনায় ব্রেন্ট ক্রুডের মূল্য প্রায় ১৮ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের মূল্য প্রায় ২০ শতাংশ পর্যন্ত বেড়েছিল। সোমবারও বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত ছিল।

তবে সোমবার ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প দাবি করেন, ইরানকে ঘিরে চলমান সামরিক অভিযান খুব দ্রুতই শেষ হতে পারে। তার এই মন্তব্যের পরপরই বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে এবং তেলের দাম নিম্নমুখী হতে শুরু করে।

তবে বাজার বিশ্লেষকদের মতে, দাম কিছুটা কমলেও পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। যুদ্ধ শুরুর আগের সময়ের তুলনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম এখনো প্রায় ৩০ শতাংশ বেশি রয়েছে। সূত্র: বিবিসি

এম