হরমুজ প্রণালি উদ্ধারে ট্রাম্পের আকুল আহ্বান, কোন দেশ কী জবাব দিলো

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ১১:৪৯ পিএম

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার পর সেটি নিরাপদ করতে বিভিন্ন দেশকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই আহ্বানে অনেক দেশ সরাসরি ইতিবাচক সাড়া দেয়নি। বিষয়টি নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে সিএনএন।

এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের মিত্ররা যদি হরমুজ প্রণালি নিরাপদ রাখতে সহায়তা না করে, তাহলে ন্যাটো জোটের ভবিষ্যৎ “খুব ভালো হবে না”। তার মতে, বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা রক্ষায় মিত্র দেশগুলোর আরও সক্রিয় হওয়া প্রয়োজন।

ইউরোপের সতর্ক প্রতিক্রিয়া

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কাজা কালাস বলেন, হরমুজ প্রণালি খোলা থাকা অবশ্যই ইউরোপের স্বার্থে। তবে তিনি উল্লেখ করেন, এটি ন্যাটোর আনুষ্ঠানিক দায়িত্বের মধ্যে পড়ে না এবং ওই এলাকায় সরাসরি কোনো ন্যাটো দেশের অবস্থান নেই।

জার্মানির পক্ষ থেকেও একই ধরনের অবস্থান জানানো হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়াডেফুল বলেন, বর্তমান সংঘাত ন্যাটোর যুদ্ধ নয় এবং এই ইস্যুতে জোটের সামরিক ভূমিকা তিনি দেখছেন না।

যুক্তরাজ্যের ভিন্ন অবস্থান

অন্যদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, তার দেশ মিত্রদের সঙ্গে সমন্বয় করে একটি যৌথ পরিকল্পনা তৈরির চেষ্টা করছে। এর লক্ষ্য হবে দ্রুত ওই অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং বৈশ্বিক অর্থনীতির ওপর সম্ভাব্য প্রভাব কমানো।

এশিয়া-প্যাসিফিকের প্রতিক্রিয়া

অস্ট্রেলিয়ার পরিবহনমন্ত্রী জানিয়েছেন, তাদের দেশ আপাতত হরমুজ প্রণালিতে কোনো জাহাজ পাঠানোর পরিকল্পনা করছে না।

এদিকে চীনকে ইরানের ঘনিষ্ঠ মিত্র হিসেবে উল্লেখ করে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সরাসরি কোনো জবাব না দিয়ে বলেন, সব পক্ষের উচিত সামরিক পদক্ষেপ বন্ধ করে উত্তেজনা কমানো এবং আঞ্চলিক অস্থিরতা যাতে বৈশ্বিক অর্থনীতিকে বড় ধাক্কা না দেয় তা নিশ্চিত করা।

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে জানিয়েছেন, আপাতত হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা নেই তাদের।

ট্রাম্পের দাবি

তবে এসব প্রতিক্রিয়ার পরও ট্রাম্প দাবি করেছেন, অনেক দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করতে আগ্রহ দেখাচ্ছে। যদিও তিনি নির্দিষ্ট কোনো দেশের নাম প্রকাশ করেননি।

তার ভাষায়, কিছু দেশ অত্যন্ত উৎসাহী হলেও কিছু দেশ তেমন আগ্রহ দেখাচ্ছে না—যদিও যুক্তরাষ্ট্র বহু বছর ধরে তাদের নিরাপত্তায় সহায়তা করে এসেছে। হরমুজ প্রণালির এই সংকটে মিত্রদের সহযোগিতার মাত্রা তার কাছে গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি।

এম