কাবুলে হাসপাতালে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০০

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৭, ২০২৬, ০৯:১০ এএম

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি পুনর্বাসন হাসপাতালে বিমান হামলার অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে। তালেবান সরকার দাবি করেছে, এ হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছেন এবং অন্তত ২৫০ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে জানান, স্থানীয় সময় সোমবার রাত প্রায় ৯টার দিকে রাজধানীর একটি মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রে হামলা চালানো হয়। এতে হাসপাতালে চিকিৎসাধীন অনেক রোগী ও কর্মী হতাহত হন।

তার দাবি, প্রায় দুই হাজার শয্যার এই চিকিৎসা কেন্দ্রের বড় একটি অংশ হামলায় ধ্বংস হয়ে গেছে। ধ্বংসস্তূপে আটকে থাকা লোকজনের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুউল্লাহ মুজাহিদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, পাকিস্তান আবারও আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তার ভাষায়, হাসপাতাল লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক নীতিমালা ও মানবতার পরিপন্থী।

স্থানীয় সংবাদমাধ্যম তোলো নিউজ জানিয়েছে, কাবুলের নবম পুলিশ জেলার একটি মাদকাসক্তদের চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্য করেই এই বিমান হামলা চালানো হয়েছে, যেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

তবে এসব অভিযোগ সরাসরি নাকচ করেছে পাকিস্তান সরকার। দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তানি বাহিনী কোনো হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালায়নি। বরং কাবুল ও পূর্বাঞ্চলীয় নাঙ্গারহার প্রদেশে সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ‘নির্ভুল অভিযান’ পরিচালনা করা হয়েছে।

এ হামলার ঘটনা এমন এক সময় ঘটল, যখন আফগানিস্তান–পাকিস্তান সীমান্তে দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে দুই দেশের সম্পর্কের সবচেয়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতিগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। তথ্যসূত্র: এনডিটিভি, তোলো নিউজ

এম